Home » পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ আলিপুরদুয়ার

পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ আলিপুরদুয়ার

সময়  কলকাতা ডেস্ক,৮ এপ্রিল : পঞ্চায়েত নির্বাচনে এবার তৃনমূলের পাখির চোখ উত্তরবঙ্গ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে জেলায় তৃণমূলের ফল সবচেয়ে খারাপ হয়েছে, তার মধ্যে অন্যতম হল আলিপুরদুয়ার জেলা। এই জেলার ৫ বিধানসভা আসনেই ফল খারাপ হয়েছে তৃণমূলের। এ ছাড়া উত্তরবঙ্গের একাধিক আসন হাতছাড়া হয়েছে। তাই আলিপুরদুয়ার জেলা নিয়ে এবার বুথ স্তরীয় সংগঠনে জোর দিতে চাইছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

আলিপুরদুয়ার জেলার বুথ স্তরের প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছতে হবে দলকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ স্তর থেকে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এই জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ অংশ, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তৃণমূলের দখলে থাকলেও ২০১৯- এর লোকসভা নির্বাচন থেকে উত্তরবঙ্গে ধস নামতে শুরু করে। ২০২১-এর বিধানসভা ভোটে চা-বাগান, আন্তর্জাতিক সীমানা, আদিবাসী-রাজবংশী ভোট সরে যায় শাসকদলের থেকে। সরকারি সামাজিক প্রকল্পে সুযোগ সুবিধা থাকলেও এই জেলার খারাপ ফল চিন্তায় রেখেছে তৃণমূল কংগ্রেসকে ৷ আর তাই ২০২৪- এর লোকসভা নির্বাচনের আগে থেকেই এই উত্তরবঙ্গে সাংগঠনিক নজর বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস।

আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ অংশের ভোটই চা-বলয়ের ভোট। যদিও তৃণমূলের সেই ভোটব্যাঙ্কে ধস নামে ২০১৯-এর লোকসভা নির্বাচনে। যার ফলে বিজেপি প্রার্থী জন বারলা প্রায় ৫৫.২ শতাংশ ভোট পান ৷ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকে ভোট পান মাত্র ৩৭.৩। ২০২১-এ এই জেলার ৫ বিধানসভা আসনের প্রাপ্ত ভোট অনুযায়ী বিজেপি পেয়েছে প্রায় ৫০.৪ শতাংশ আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪০.৪ শতাংশ ভোট। ফলে জেলার ৫ বিধানসভা আসনই হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুন  গরু পাচার মামলায় ফের তলব অনুব্রত কন্যাকে

ফালাকাটা বিধানসভা আসনে বিজেপি প্রার্থী দীপক বর্মণ পেয়েছিলেন ৪৬.১৭ শতাংশ ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ চন্দ্র রায় পান মাত্র ৪৪.৯ শতাংশ ভোট। কুমারগ্রাম বিধানসভা যেখানে বিজেপি প্রার্থী মনোজ ওঁরাও পেয়েছিলেন ৪৮.১৭ শতাংশ ভোট। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী লুইস কুজুর পান ৪৩.৪৪ শতাংশ ভোট। মাদারিহাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেশ লাকড়া পেয়েছিলেন ৩৬.৫৭ শতাংশ ভোট৷ সেখানে মনোজ টিগগা পান ৫৪.৩৫ শতাংশ  ভোট। কালচিনি বিধানসভায় বিজেপি প্রার্থী বিশাল লামা পেয়েছিলেন ৫২.৬৬ শতাংশ ভোট। পাশাং লামা তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন ৩৮.০৭ শতাংশ ভোট।আলিপুরদুয়ার বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলাল পান ৪৮.১৯ শতাংশ ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌরভ চক্রবর্তী পান ৪১.০১ শতাংশ ভোট।

About Post Author