Home » হাওড়ার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড!

হাওড়ার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড!

সময় কলকাতা ডেস্ক, ১০ এপ্রিল: ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। রবিবার রাত ১১টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে হাওড়ার বাগনানের একটি প্লাস্টিক কারখানায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন   বিয়ের একমাস পূর্তি উদযাপন দুর্নিবার-মোহরের


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রবিবার গভীর রাতে হঠাৎই আগুন লাগে ১৬ নং জাতীয় সড়কের পাশে বাগনানের চন্দ্রপুরের একটি প্লাস্টিক কারখানায়। ওই কারখানায় প্লাস্টিকের বোতল থেকে সুতো ও কৃত্রিম তুলো তৈরি হত। কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিকের কাঁচামাল মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তবে,বেশ কিছুদিন ধরে কারখানাটি বন্ধ থাকায় ভেতরে কেউ ছিল না। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।

স্থানীয়দের তরফে খবর যায় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। কিন্তু,আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে দমকলকর্মীদের প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল।

About Post Author