Home » ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

সময় কলকাতা ডেস্ক, ১৫ এপ্রিল: ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার জাভার উত্তর উপকূল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। কম্পনের উৎসস্থল ছিল তুবান শহর থেকে ৯৬ কিলোমিটার উত্তরে,সমুদ্রের নীচে প্রায় ৫৯৪ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে ব্যাপক আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এদিকে এই ভূমিকম্পের জেরে সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাং অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।


এর আগে গত ১৬ জানুয়ারি মাসেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। কম্পনের উৎসস্থল ছিল সমু্দ্রগর্ভ। ২ হাজার কিলোমিটার দূরে অস্ট্রেলিয়াতেও এই কম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

আরও পড়ুন    সতীর্থকে ঘুঁষি মেরে শাস্তি! এক ম্যাচ নির্বাসন সাদিও মানের


প্রসঙ্গত, এর আগে গত বছর নভেম্বর মাসেই ভয়াবহ ভূমিকম্প কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার জাকার্তা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে জাভার পশ্চিম দিকের এলাকা চিয়ানজুড়ে কম্পনের উৎসস্থল ছিল বলেই জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে অন্তত ১৬৫ জনের মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া গিয়েছিল। এরপরই মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। আহত হয়েছেন আরও ৩০০ জনেরও বেশি মানুষ। অন্যদিকে,ভূমিকম্পের পরই ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল। সূত্রের খবর,ভূমিকম্পের জেরে ২ হাজার ২০৫টি বাড়ি ভেঙে পড়েছিল এবং ৫ হাজার ২৯৬ জন আশ্রয়হীন ছিল। এমনকী বিদ্যুতের জোগানও বন্ধ হয়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল।

About Post Author