Home » ভেঙ্কটেশের তান্ডব কাজে এল না, কেকেআর-কে হারিয়ে জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স

ভেঙ্কটেশের তান্ডব কাজে এল না, কেকেআর-কে হারিয়ে জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৬ কলকাতা :

রবিবার আইপিএলের ২২ তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স অনায়াসে কলকাতা নাইট রাইডার্সকে হারাল। অসাধারণ সেঞ্চুরি করলেন ভেঙ্কটেশ আইয়ার। তবুও রোখা গেল না মুম্বাইকে। রবিবারের মুম্বাই -কলকাতা ম্যাচ বেশ কয়েকটি কারণে উল্লেখযোগ্য হয়ে থাকল।

১৫ বছর পরে আইপিএলে শতরান এল কেকেআরের ইতিহাসে। ২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচে ব্র্যান্ডন ম্যাকুলামের শতরানের পরে এদিন কেকেআরের হয়ে শতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার।৫৩ বলে শতরান করেছিলেন ম্যাকুলাম,৪৯ বলে এদিন সেঞ্চুরি করে যান ভেঙ্কটেশ। ভেঙ্কটেশ ঝড়ে কাজ হয় নি। কারণ পীযুষ চাওলা ও ঋত্বিক শকিন ডেথ ওভারে রিঙ্কু -রাসেলদের রানের গতি বাড়াতে দেন নি। শেষ পাঁচ ওভারে ওঠে মাত্র ৪৫ রান। বড় রানের ম্যাচে চার ওভারে ১৯ রান দিয়ে একটি উইকেট নিয়ে আবার চমকে দিলেন বর্ষীয়ান পীযুষ চাওলা। ফলে কেকেআর ছ উইকেটে ১৮৫ রানের বেশি করে উঠতে পারে নি।

পাল্টা ব্যাট করতে নেমে প্রথম চার ওভারে ৫৭ রান তুলে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেন ঈশান কিষান – রোহিত শর্মা। তাঁরা ফিরে গেলেও ১৭ ওভার ৪ বলেই কেকেআরের দেওয়া ১৮৬ রানের টার্গেটে পৌঁছে যায় মুম্বাই। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ রান ঈশান কিষানের (৫৩)। এদিন ছিল শচীন তেন্ডুলকার পুত্র অর্জুনের আইপিএলে অভিষেক। শচীন স্বয়ং সাক্ষী থাকলেন পুত্রের অভিষেকের। ২ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান, খুব একটা দাগ না কাটলেও হতাশাজনক বোলিং করেন নি দীর্ঘদেহী শচীন-পুত্র অর্জুন। তবে উল্লেখযোগ্য ভাবে এদিন ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন সূর্য কুমার যাদব। রোহিতকে এদিন মুম্বাই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেতৃত্ব দিলেন তিনি, ব্যাটে করে গেলেন আত্মবিশ্বাসী ৪৩ রান।তিলক ভার্মা ও আবার চোখে পড়লেন।তিলক -সূর্য আউট হওয়ার পরে ডেভিড – গ্রীন দলকে যখন জিতিয়ে ফিরছেন তখনও ১৪ বল বাকি, তখনও মুম্বাইয়ের হাতে ছিল ৫ উইকেট।।

 

About Post Author