সময় কলকাতা ডেস্ক, ২১ এপ্রিল: নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান মোল্লাকে তলব করল সিবিআই। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্হা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন শাহজাহান। সূত্রের খবর,শাহজাহান মোল্লাকে শুক্রবারই নিজাম প্যালেসের সিবিআই দফতরে তলব করা হয়েছে। এই পরিস্থিতিতে এদিন সকাল ১০টা ৪০ নাগাদ নিজাম প্যালেসে আসেন তৃণমূল নেতা। সিবিআই সূত্রের দাবি, তৃণমূল নেতার বাড়ি থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এমনকী ওএমআর শিটে কারচুপি করেই চাকরি পেয়েছিলেন শাহজাহান মোল্লার মেয়ে। যদিও সেই চাকরি বাতিল হয়ে যায়। নিয়োগ দুর্নীতিতে তিনি কীভাবে, কাদের সঙ্গে যুক্ত ছিলেন,সেসবই খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।

সূত্র মারফত জানা গিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি ভাঙড়-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ভাঙড়-১ ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লার বাড়িতে চিরুনি তল্লাশি চালায় সিবিআই। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের দল। শাহজাহান ও তাঁর স্ত্রীর সঙ্গে সে সময় কথা বলেন সিবিআই আধিকারিকরা। তলব প্রসঙ্গে তৃণমূল নেতা শাহজাহান মোল্লা জানান, ‘ এর আগে বেশ কিছু ব্যাপারে সিবিআই আধিকারিকরা আমাকে ও আমার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। ব্যাঙ্কের নথিও দেখতে চান। আমি সবরকম ভাবে সহযোগিতা করেছি। প্রয়োজন হলে আগামীদিনেও সবরকম সহযোগিতা করব।”

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধরপাকড়ের মধ্যেই গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মাটিতে চলছিল গোপনে নথি ধ্বংস! খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভাঙড়ের আন্দুল গড়িয়াতে নথি পোড়ানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এপরই ভাঙড়ে ছাই ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সিবিআই এর হাতে। উদ্ধার হওয়া নথি কোল মাইনিং সংক্রান্ত নথি! পোড়ানো হয়েছে বিহারের একাধিক এলাকার মাইনিং ব্যবসা সংক্রান্ত নথি। মাইনিং সংক্রান্ত নথি খতিয়ে দেখছেন কয়লাকাণ্ডের তদন্তকারী অফিসার উমেশ কুমার। ঘটনাস্থলে ছিল এসএসসি দুর্নীতির তদন্তকারী আধিকারিকরাও। যদিও পোড়া নথি থেকে এখনও মেলেনি এসএসসি-দুর্নীতি সংক্রান্ত তথ্য। কারা পোড়ালো নথি? জমির মালিককে আটক করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন ইডির দফতরে অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী
অভিযোগ, পাঁচিল ঘেরা এলাকার মধ্যে সরকারি নথি পোড়ানো হচ্ছে বলে খবর পৌঁছায় সিবিআই দফতরে। বিশাল এলাকা জুড়ে রাতের অন্ধকারে কে বা কারা এই নথি পোড়ালো তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে কিনা সেটা দেখতেই সিবিআই আধিকারিকেরা আগুন নিভিয়ে ছাই এর গাদা থেকে আধ পোড়া করতে পারে। সেগুলি খতিয়ে দেখে জানা গিয়েছে সেগুলি সবই কোল মাইনিং সংক্রান্ত কাগজ। তৈরি হয়েছে রহস্য। সিবিআই আধিকারিকরা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে গৌতম মণ্ডলের নাম জানতে পারেন। জানা যায়, তিনি স্থানীয় তৃণমূল নেতা। ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে পোড়া ফাইল, পোড়া চেকবুক, বেশ কিছু রশিদ সরকারি কাগজপত্র।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?