Home » তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড়, একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড়, একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ২১ এপ্রিল: তাপপ্রবাহের জেরে গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। এপ্রিলেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। বৃহস্পতিবারও একাধিক জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। ক্রমশ পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও । তবে,শুক্রবার থেকেই আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন     রাজ্যে বিদ্যুতের চাহিদা ছাড়াল রেকর্ড মেগাওয়াট!


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কিছু জেলায় শনিবার থেকেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেরও পার্বত্য এলাকায় একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ২৫ থেকে ৮৭ শতাংশ।


পূর্বাভাস বলছে, রবি থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এদিকে,২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও বাড়বে। ওড়িশাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে,উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হতে পারে শিলাবৃষ্টি। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তর পূর্ব ভারতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে,দার্জিলিং, কালিম্পং, কোচবিহার,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

About Post Author