Home » মোহালিতে বিরাট জয় লখনউয়ের

মোহালিতে বিরাট জয় লখনউয়ের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ এপ্রিল: মোহালিতে বিরাট জয় লখনউয়ের। পঞ্জাব কিংসকে বড় ব্যবধানে পরাজিত করে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে পদোন্নতি হল কেএল রহুলদের। লখনউয়ের ২৫৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে লড়াই করেও শেষরক্ষা হল না পঞ্জাবের। শেষ পর্যন্ত ৫৬ রানে জয় পেল কেএল রাহুলের দল। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বুমেরাং হয় শিখর ধওয়ানের কাছে। মার্কাস স্টয়নিস, কাইল মেয়ার্স, নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি পঞ্জাবের কোনও বোলার। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান করে লখনউ। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

শুরুতেই ২৪ বলে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার কাইল মেয়ার্স। তিন নম্বরে নেমে ২৪ বলে ৪৪ রান করেন আয়ুশ বাদোনি। এরপর লখনউয়ের হয়ে ব্যাট হাতে মোহালিতে ঝড় তোলেন অজি ব্যাটার মার্কাস স্টয়নিস, তাঁকে যোগ্য সঙ্গত দেন ক্যারিবিয়ান উইকেট রক্ষক ব্যাটার নিকোলাস পুরান। স্টয়নিসের ৪০ বলে ৭২ রানের মারকুটে ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও পাঁচটি বিশাল ছক্কার সাহায্যে। ১৯ বলে ৪৫ রানের ক্যামিও ইনিংস খেলেন নিকোলাস পুরান। লখনউয়ের নবাবী ব্যাটিংয়ের সামনে এদিন অসহায় আত্মসমর্পণ করেন পঞ্জাবের বোলাররা।

আরও পড়ুন    ব্রিজভূষণের বিরুদ্ধে লড়াইয়ে ক্রীড়াবিদের ঐক্যের ছবি, নেটিজেনদের প্রশ্নের মুখে সচিন-কোহলিদের নীরবতা

জবাবে রানে তাড়ে করতে নেমে শুরুটা ভালো হয়নি পঞ্জাব কিংসের। দুই ওপেনার শিখর ধওয়ান ও প্রভসিমরণ সিং দ্রুত সাজঘরে ফেরেন। দলের ৩ ও ৩১ রানে পড়ে দুটি উইকেট। সর্বোচ্চ ৬৬ রান করেন অথর্ব তাইদে। ২২ বলে ৩৬ রান করেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা। অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন দুজনে। তাইদে আউট হলে পঞ্জাব কিংস ব্যাটাররা সকলেই দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করে। দ্রুত রান তাড়া করতে গিয়ে নিয়মিত ব্যাবধানে উইকেট হারাতে থাকে পঞ্জাব।

শেষ দিকে অধিনায়ক স্যাম করন ও জীতেশ শর্মা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ১৯.৫ ওভারে ২০১ রানে অলআউট হয়ে যায় শিখর ধাওয়ানের দল। এলএসজির সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন যশ ঠাকুর। এছাড়া ৩টি উইকেট নেন আফগান বোলার নভিন উল হক। ২টি উইকেট নেন রবি বিষ্ণোই ও একটি উইকেট যায় মার্কাস স্টয়নিসের নামে। ব্যাটে বলে দুরন্ত খেলে এই ম্যাচের সেরা নির্বাচিত হলেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল লখনউ। আর ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রইল পঞ্জাব।

About Post Author