স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ মে: মরুরাজ্যে আফগান ঘূর্ণি,আইপিএলের লিগ শীর্ষে দুরন্ত জয় গুজরাট টাইটন্সের। শুক্রবার জয়পুরে রাজস্থানের বিরুদ্ধের মাঠে নামেন হার্দিকরা। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৭.৫ ওভারে ১১৮ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। গুজরাটের হয়ে দুরন্ত বোলিং করেন দুই আফগান স্পিনার। জবাবে মাত্র ১৩.৫ ওভারেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় গুজরাট। গুজরাটের হয়ে ৩৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন ঋদ্ধি।

চলতি আইপিএলে সব থেকে বড় জয়। শুক্রবার জয়পুরে মুখোমুখি হয়েছিল গত বছরের দুই ফাইনালিস্ট। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে দুই আফগান স্পিনার রশিদ খান ও নুর আহমেদের বোলিংয়ের দাপটে মাত্র ১৭.৫ ওভারে ১১৮ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। রাজস্থানের হয়ে অধিনায়ক স্যামসন সর্বাধিক ৩০ রান করেন। ষষ্ঠ ওভারে যশস্বীর রান আউটটি ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। শুরুটা খারাপ করেননি যশস্বী। ১১ বলে ১৪ রান করে অধিনায়ক স্যামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন তিনি। এরপর রাজস্থানের ইনিংস তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে। রাজস্থানের হয়ে এই ম্যাচে রান পাননি জস বাটলার।
আরও পড়ুন নবাবের শহরে বাদশাহী প্রত্যাবর্তন নাইটদের, জিইয়ে রইল প্লে-অফের আশা

এছাড়াও রাজস্থানের শক্তিশালী মিডল অর্ডার দেবদত্ত পাড়িক্কাল, শিমরন হেটমায়াররাও দলকে ভরসা জোগাতে পারলেন না। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ব্যর্থ হলেন রিয়ান পরাগ। জয়পুরে বল হাতে ভেল্কি দেখালেন আফগান স্পিনার রশিদ খান। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৪ রান খরচ করে তুলে নিলেন তিনটি উইকেট। আর এক আফগান স্পিনার নুর আহমদ নিলেন ২ টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়াও শামি, হার্দিক ও লিটল একটি করে উইকেট নেন। গত ম্যাচে কম রানের লক্ষ্য পেয়েও দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হয়েছিল গুজরাটকে। সেই আফসোস জয়পুরে মিটিয়ে নিলেন হার্দিকরা। ১১৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন গুজরাটের দুই ওপেনার শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। ৫৮ বলে ৭১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৩৫ বলে ৩৬ রান করে গিল আউট হয়ে ফিরলে অধিনায়ক হার্দিকের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের পথে নিয়ে যান বাংলার ঋদ্ধি। ৩৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন বাংলার ঋদ্ধি। ১৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন গুজরাট অধিনায়ক। ৩ টি চার ও ৩ টি ছয় মারেন হার্দিক। ১৩.৫ ওভারে ৯ উইকেট হাতে থাকতেই ম্যাচ জিতে নেয় গুজরাট। প্রত্যাশামতই ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা গুজরাটের আফগান স্পিনার রশিদ খান।


More Stories
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ
ঈশান কিষানের পরাক্রমে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল
আবার বারাসাতে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল