Home » কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস

কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ১৪ মেঃ শেষ চারে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। এরকম অবস্থায় রবিবার কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে। ধারে ও ভারে চেন্নাই অনেক এগিয়ে, আইপিএল পয়েন্ট টেবিলে ও চেন্নাইয়ের সঙ্গে কলকাতার অবস্থানের অনেক ফারাক।১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই। অন্যদিকে ১০ পয়েন্ট পাওয়া কলকাতার স্থান এই মুহূর্তে অষ্টম। অতীত বা বর্তমান কোনটাই কলকাতার হয়ে কথা বলছে না, ২৯ টি ম্যাচ পরস্পরের মধ্যে খেলেছে দুটি দল।

চেন্নাই দল অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে গড়ে ওঠা। পেস বোলিংয়ে তুষার দেশপান্ডে, পাথিরানা এমনকী দীপক চাহার নিয়মিত বিপক্ষের উইকেট তুলছেন, অন্যদিকে কলকাতা এবারের আইপিএলে এক ডজন ম্যাচ খেলে ফেললেও দলের একজন পেসারও নিয়মিত প্রথম দলের সদস্য হয়ে উঠতে পারেননি। দুই কিউই পেসার ফার্গুসন বা সাউদিকে তাদের অফ ফার্মের জন্য বিশেষ ব্যবহারই করতে পারেনি কলকাতা থিঙ্ক ট্যাঙ্ক। কলকাতার একমাত্র উল্লেখযোগ্য দিক স্পিনারদের ভেদশক্তি ও বৈচিত্র্য। চেন্নাইয়ের পাটা উইকেটে পিনাররা যেখানে বাড়তি সুবিধা পেতেই পারেন সেখানে নাইটদের হাতে বরুণ চক্রবর্তী থাকলেও রবীন্দ্র জাদেজার মত স্পিনার রয়েছেন চেন্নাই দলে।

আরও পড়ুন    ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য পদ অর্জন করলেন সলমন খান

আর ব্যাটিংয়ের কথা উঠলেই বলতে হবে চেন্নাইয়ের মত গভীরতা সম্পন্ন ব্যাটিং লাইন আপ সম্ভবত আইপিএলে অন্য কোন দলের নেই। ওপেনিংয়ে গাইকোয়াড় কনওয়ে জুটি ঝড় তুলছেন,ফর্মে রয়েছেন আজিঙ্কা রাহানে এবং শিবম দুবের মত ক্রিকেটাররা। ফিনিশার হিসেবে রয়েছেন ক্যাপ্টেন কুল এমএসডি যিনি পড়ন্ত বেলতেও দুশোর উপরে স্ট্রাইক রেট রেখে চলেছেন। কঠিন,অত্যন্ত কঠিন কলকাতা নাইট রাইডার্সের কাজ। মাঝেমধ্যে ভেঙ্কটেস আয়ার,রিঙ্কু সিং বা আন্দ্রে রাসেল ভালো খেললেও ধারাবাহিকতাহীন ব্যাটিং দিয়ে সব ম্যাচে জেতা যায় না,জিততেও পারছে না কলকাতা। আর আজ হারলেই আনুষ্ঠানিকভাবে বিদায় সম্পূর্ণ হবে কলকাতা নাইট রাইডার্সের। এবারের মরশুমে ধারাবাহিকভাবে খারাপ খেলে চলা কলকাতা নাইট রাইডার্স নিজেদের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধারে কতটা মরিয়া হয়, এখন রবিবার রাতের ম্যাচে সেটাই দেখার।।

About Post Author