স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা,১৪ মেঃ হরভজন সিং সম্প্রতি প্রশ্ন তুলেছেন শেন ওয়াটশনকে খেলাতে পারলে দিল্লি ক্যাপিটালসের ফল এবারের আইপিএলে ভালো হতে পারত কিনা তা নিয়ে। মুশকিল হল শেন ওয়াটসন অবসর নিয়েছেন। তিনি এখন দিল্লির কোচিং স্টাফ। শুধু তিনি কেন দিল্লি দলের কোচিং স্টাফেদের সবাই অতীতের নামী তারকা। সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং, অজিত আগারকার প্রমুখ প্রাক্তন তারকা ও তথাকথিত দুর্দান্ত থিঙ্ক ট্যাঙ্ক সমৃদ্ধ দিল্লি ক্যাপিটালসের প্লেয়াররা কিন্তু মাঠে ডোবাচ্ছেন। মিচেল মার্শ, রাইলি রুশোরা শনিবার আবার প্রমাণ করলেন তাঁদের বদলে ডাগ আউটে বসে থাকা তাঁদের দলের কোচিং স্টাফরা ব্যাট করতে নামলে এরচেয়ে খারাপ হতে পারত না। নিশ্চিতভাবে মনে হয়েছে, মিডল অর্ডার সামান্য দেখে শুনে ব্যাট করলেই পাঞ্জাবের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া হত না। পাঞ্জাব এর দেওয়া ১৬৮ রানের টার্গেট তাড়া করে পাওয়ার প্লে যখন শেষ হয় তখন ম্যাচে জাঁকিয়ে বসেছে দিল্লি। দিল্লির স্কোরবোর্ডে তখন বিনা উইকেটে ৬৫।
আরও পড়ুন কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস

মনে হচ্ছিল পাঞ্জাবের প্রভসিমরণ সিংয়ের চমৎকার সেঞ্চুরি সত্ত্বেও আজ কপালে নির্ঘাত হার রয়েছে পাঞ্জাবের। কিন্তু ওয়ার্ণারের দুর্দান্ত অর্ধশতরান এবং সল্টের সিট অ্যাঙ্করের রোল খেলার শেষ কথা বলে নি। ওপেনিং জুটি ৬৯ রানের মাথায় ভাঙতেই ভেঙে পড়ল দিল্লি। রাহুল চাহার ও হরপ্রীত ব্রারের স্পিনে আত্মসমর্পন করে আইপিএল পয়েন্ট টেবিলের লাস্ট বয়রা। ওপেনাররা ছাড়া দিল্লির হয়ে আমন খান সামান্য চেষ্টা করেছিলেন। মনীশ পান্ডে সহ বাকিদের কথা যত কম বলা যায় ততই ভালো। ফলে ঘরের মাঠে ৩১ রানে হেরে মাঠ ছাড়ে দিল্লি।

উল্লেখ্য,শনিবার টসে জিতে ওয়ার্ণার পাঞ্জাবকে ব্যাট করতে পাঠান। প্রথম দিকে ঈশান্ত শর্মার বলে পাঞ্জাবের ব্যাটিং বিপর্যয় দেখা দিলেও একা রুখে দাঁড়ান তরুণ ওপেনার প্রভসিমরণ সিং। ৬৫ বলে শতরান করেন প্রভসিমরণ। এছাড়া পাঞ্জাবের ব্যাটারদের মধ্যে স্যাম কারেন ছাড়া সেভাবে কেউই সুবিধে করতে পারেন নি। দিল্লির বোলিংয়ে যথারীতি সফল অক্ষর -কুলদীপ জুটি। কিন্তু রক্তাল্পতায় ভোগা ব্যাটিং লাইন আপ দিয়ে কি আর ম্যাচ জেতা যায়! দিল্লি ও জেতে নি বরং পাঞ্জাব কিংসের এই ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে থাকল।তাদের বাড়তি সুবিধে তারা চারদিনের মধ্যে পরবর্তী ম্যাচে আবার সামনে পাচ্ছে দিল্লির মত দুর্বল প্রতিপক্ষকে। সেই ম্যাচে জিতলে তারা গ্ৰুপ লিগের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে রাজস্থানের যে ম্যাচ জিতলে শেষ চারে তারা চলে গেলেও অবাক হওয়ার কিছু নেই। তবে পাঞ্জাবের সবচেয়ে সমস্যা হল চোট সারিয়ে এসে একদমই রান পাচ্ছেন না দলনায়ক শিখর ধাওয়ান। তাছাড়া আর্শদীপ সিং ও গত কয়েকটি ম্যাচে ঝুড়িঝুড়ি রান দিচ্ছেন। সবমিলিয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে ছ নম্বরে থাকা পাঞ্জাবও মোটেই শান্তিতে নেই।।


More Stories
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?
সিরিজের মাঝপথে পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই
ব্রাজিল ম্যাচের ভারতীয় দল ঘোষিত