Home » ধোনিদের হারিয়ে আইপিএলে টিকে রইল কেকেআর

ধোনিদের হারিয়ে আইপিএলে টিকে রইল কেকেআর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ মে:  চেন্নাইকে হারিয়ে আইপিএলে টিকে রইল কেকেআর। রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে চেন্নাই। বল হাতে এদিন সফল নাইটদের ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। জবাব ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর। কেকেআরের হয়ে জোড়া অর্ধ শতরান করেন অধিনায়ক নীতিশ রানা ও রিঙ্কু সিং। চলতি আইপিএলে শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। এখন আইপিএল লিগ টেবিলের যা অবস্থা তাতে একটি ম্যাচ হারলেই কলকাতার বিদায় কার্যত নিশ্চিত। এরকম ডু অর ডাই সিচুয়েশনে রবিবার চিপকে ধোনিদের বিরুদ্ধে মাঠে নামে কেকেআর।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড ও ডেভন কনওয়ে দাপটের সঙ্গেই ইনিংস শুরু করেন। চতুর্থ ওভারে চেন্নাই শিবিরে প্রথম ধাক্কা দেন টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা নাইট বোলার বরুণ চক্রবর্তী। ফেরান রুতুরাজকে। এরপর চেন্নাইয়ের রান তোলার গতি কিছুটা শ্লথ হয়ে যায়। চিপকের মন্থর পিচে ক্রমশ ম্যাচের রাশ ধরতে থাকেন নাইট বোলাররা। অষ্টম ওভারে রাহানেকে ফিরিয়ে ফের হলুদ শিবিরকে ধাক্কা দেয় বেগুনি জার্সিধারীরা। চাপের মুখে ছন্দ হারায় চেন্নাই ব্যাটাররা। পরপর তিন ওভারে কনওয়ে, রায়ডু ও মঈন আলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিএসকে। এই পরিস্থিতিতে দলের হাল ধরেন শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা।

এদিন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন শিবম। ৩৪ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। জাদেজা করেন ২৪ বলে ২০ রান। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে চেন্নাই। নাইটদের হয়ে এদিন ৪ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান খরচ করে ২ টি উইকেট নেন সুনীল নারিন। চলতি আইপিএলে একদম ছন্দে ছিলেন না এই ক্যারিবিয়ান ক্রিকেটার। একটা সময় তাঁকে নিয়মিত দলে রাখা নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু এদিন বল হাতে সব প্রশ্নের জবাব দিলেন নাইটদের বহু যুদ্ধের সেনাপতি। নারিনের পাশাপাশি দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তীও।

আরও পড়ুন  দিল্লিকে হারিয়ে শেষ চারে যাওয়ার আশা জাগাল পাঞ্জাব

১৪৫ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার পক্ষে। প্রথম পাঁচ ওভারের মধ্যে মাত্র ৩৩ রানে তিন উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে যায় নাইটরা। তিনটি উইকেট নিয়ে নাইট শিবিরে কম্পন ধরিয়ে দেন দীপক চাহার। তবে এদিনও নাইটদের ত্রাতা হয়ে দাঁড়ান অধিনায়ক নীতিশ রানা ও রিঙ্কু সিং। নীতীশ রানার সঙ্গে জুটি বেঁধে ৯৯ রান যোগ করেন স্কোর বোর্ডে।র জুটি, ৪৩ বলে ৫৪ রান করেন রিঙ্কু। রিঙ্কু রান আউট হয়ে যখন ডাগআউটে ফিরলেন তখন জয়ের জন্য নাইটদের দরকার ১৭ বলে ১৩ রান। রাসেলকে সঙ্গে নিয়ে বাকি কাজটি করেন নাইট অধিনায়ক। ৯ বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় কলকাতা। কলকাতার হয়ে ৪৪ বলে ৫৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন অধিনায়ক রানা। তবে এদিন ১৮ রানে নাইট অধিনায়কের ক্যাচ ফেলেন চেন্নাইয়ের মাতিসা পাথিরানা। এই জয়ের ফলে লিগ তালিকার অবস্থানে বিশেষ কোনো পরিবর্তন হয়নি। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কেকেআর। এখন প্লে অফে উঠতে বড় ব্যবধানে জেতার পাশাপাশি কলকাতাকে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির দিকে। আর ওদিকে হারলেও লিগ তালিকার দ্বিতীয় স্থানে রইলেন ধোনিরা।

About Post Author