Home » মোহনবাগানে এবার মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ!

মোহনবাগানে এবার মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ!

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ মে: কলকাতার ফুটবল প্রেমীদের জন্য চমক। এবার মোহনবাগানে আসছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে মেসির চ্যাম্পিয়ন করার পিছনে যার অবদান ছিল অনস্বীকার্য। কবে কলকাতায় আসছেন তিনি? কি কি কর্মসূচি রয়েছে তাঁর? খবর নিল সময় কলকাতা।

দীর্ঘ ৩৫ বছরের খরা কাটিয়ে, কাতারে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। ফ্রান্সকে ফাইনালে হারিয়ে বিশ্ব সেরার খেতাব জিতেছে মেসি ব্রিগেড। আর সেই বিশ্বজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গোটা টুর্নামেন্টে যার অবিচল গ্লাভসে বারবার ধাক্কা খেয়েছে প্রতিপক্ষের বিষাক্ত আক্রমণ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে একের পর এক পেনাল্টি বাঁচিয়ে তিনিই হয়ে উঠেছিলেন দক্ষিণ আমেরিকার দেশটির নায়ক। বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের জন্য সোনার গ্লাভসও জিতেছেন মার্টিনেজ। যদিও বিশ্বকাপের পুরস্কার বিতরনী মঞ্চে তাঁর অশ্লীল আচরণ নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। মার্টিনেজের ঔদ্ধতে রুষ্ট হয়েছিলেন স্বয়ং মেসি।

এবার এহেন বিতর্কিত ফুটবলার আসতে চলেছে কলকাতা ময়দানের শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবে। দীর্ঘদিন ধরে মার্টিনেজের কলকাতা সফর নিয়ে কানাঘুষো চলছিল। এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল ক্লাবের তরফ থেকে। সোমবার ক্লাবের তরফে একটি বিবৃতি দিয়ে সোনার গ্লাভসজয়ী আর্জেন্টাইন ফুটবলারের কলকাতায় আসার দিনক্ষণ জানানো হয়েছে। জানা গিয়েছে, আগামী ৪ ঠা জুলাই ক্লাব তাঁবুতে আসবেন মার্টিনেজ। এছাড়াও সোমবার ক্লাবের পক্ষ থেকে দুটি ছবি পোস্ট করা হয়। তার একটিতে দেখা যাচ্ছে সবুজ মেরুন জার্সি হাতে দাড়িয়ে রয়েছেন মার্টিনেজ।

অপরটিতে একটি ফুটবলের উপর লেখা রয়েছে চিয়ার্স মোহনবাগান। এরপরই মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা চাপা উন্মাদনার আভাস মিলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে। মার্টিনেজ যদি নির্ধারিত কর্মসূচি মেনে মোহনবাগান ক্লাবে আসেন, তাহলে এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া প্রথম কোনো ফুটবলার ভারতের মাটিতে পা রাখবেন।

আরও পড়ুন    উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা নজর কাড়ছেন

আগামী মাসেই শেষ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আর তারপরেই ফুটবলাররা ছুটি কাটাতে যে যার দেশে চলে যাবেন। জানা গিয়েছে, এবার সেই সময়ে ভারত সফরে আসতে পারেন এই আর্জেন্টাইন ফুটবলার। তাঁকে ভারতে আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন শহরের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। মোহনবাগানে ক্লাবে উপস্থিত থাকার পাশাপাশি আরও কিছু কর্মসূচি রয়েছে মার্টিনেজের। এখন মোহনবাগান ময়দানে তিনি ফুটবল গ্লাভস তুলে নেবেন কিনা তা এখনও খোলসা করেননি উদ্যোক্তারা। তবে মার্টিনেজই প্রথম নন। এর আগে কলকাতা ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবে পা রেখেছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। কসমসের হয়ে এই ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ফুটবল সম্রাট পেলে। মোহনবাগানের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের হয়ে খেলে গেছেন জার্মানির বিশ্বকাপজয়ী দলের তারকা থমাস মুলার। এবার সেই তালিকায় উঠতে চলেছে মার্টিনেজের নাম।

About Post Author