Home » কুন্তলের চিঠি কাণ্ডে ফের অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কুন্তলের চিঠি কাণ্ডে ফের অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ১৯ মেঃ কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে ফের অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তা বৃহস্পতিবার বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে সিবিআই চাইলে অভিষেককে জেরা করতে পারবেন। এমনকী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে অবিলম্বে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তলকে আগেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। কুন্তল ঘোষ নিম্ন আদালতের বিচারকের কাছে চিঠি লিখে দাবি করেছিলেন, অভিষেকের নাম নেওয়ার জন্য ইডি তাঁর উপর চাপ দিচ্ছে। আবার অভিষেকও জনসভা থেকে অভিযোগ করেছিলেন, তাঁর নাম নেওয়ার জন্য অভিযুক্তদের উপর চাপ দেওয়া হচ্ছে। এই অবস্থায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, সিবিআই চাইলে অভিষেককে জেরা করতে পারে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, মামলার শুনানি থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরাতে হবে। কারণ, বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিষেক সম্পর্কে টিভি ইন্টারভিউতে মন্তব্য করেছিলেন। ওই মামলা তাই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সরানো হয়। এদিন বিচারপতি সিনহাই পুরনো নির্দেশ বহাল রেখেছেন।

এর আগে গত ১৫ মে বিচারপতি সিনহা কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে স্থগিতাদেশ না দিলেও কোনও নির্দেশ দেননি। এদিন বিচারপতি সিনহা দাবি করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরদারিতে এই মামলার শুনানি চলছিল। সেজন্য বিষয়টি সামনে আসার পরই বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, এবং সমস্ত বিষয় আদালতকে জানানো হয়। তারপরেই আদালত ওই নির্দেশ দেয়। শুনানি শেষে বিচারপতি সিনহা কোনও নির্দেশ দেননি। কুন্তল ঘোষ এর আগে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন, তদন্তে জেরা করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। তাই হাই কোর্টের গোচরে এলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক।

আরও পড়ুন   এগরা বিস্ফোরণ কাণ্ডে ওড়িশা হাসপাতালেই মৃত্যু মূল অভিযুক্ত ভানু বাগের!

প্রথমে অভিষেকের জেরায় স্থগিতাদেশ দেওয়া হয়। তারপর মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নতুন বিচারপতির নিয়োগের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেই নির্দেশমতো কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি স্থানান্তরিত হয় গত সপ্তাহেই। বিচারপতি শুনানিতে প্রশ্ন তোলেন,এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা করতে অসুবিধা কোথায়? তদন্তকারী সংস্থা যাকে মনে করবে, জেরা করতেই পারে, মন্তব্য করেন বিচারপতি।

About Post Author