স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,২৭ মে: গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ জিতলেও, সুপার কাপ ও শিল্ড হাতছাড়া হয়েছে দলের। তবে এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। আন্তর্জাতিক স্তরে এ বার ভালো পারফরম্যান্স করতে মরিয়া শতাব্দী প্রাচীন ক্লাব। বিগত কয়েক বছর ধরে এএফসি কাপে নিয়মিত খেললেও, জোনাল সেমিফাইনালের গণ্ডি টপকাতে পারেনি মোহনবাগান। এবার সেই বাঁধা পেরোতে মরিয়া সবুজ মেরুন। তাই এএফসি কাপকে পাখির চোখ করে তিন সপ্তাহ আগেই শিবির শুরু করতে চান মোহন কোচ। সূত্রের খবর, জুলাই মাসের শুরুতেই প্র্যাকটিসে নামছে দল।
আরও পড়ুন আহমেদাবাদে গিলের তাণ্ডব, মুম্বইকে হারিয়ে ফাইনালে গুজরাট

তবে প্রথম দলের প্র্যাকটিস জুলাই থেকে শুরু হলেও ক্লাব সূত্রের খবর, কলকাতা লিগ ও ডুরান্ড কাপে এবারও মোহনবাগানের ডেভলেপমেন্ট টিমই খেলবে। সেই দলে কয়েকজন সিনিয়র দলের ফুটবলারকে দেখা যেতে পারে।মরশুম শেষে বিশ্রামে রয়েছেন ফুটবলাররা। বিদেশী ফুটবলাররা ফিরে গিয়েছেন দেশে। আর দেশীয় ফুটবলাররা ব্যস্ত জাতীয় দলের দায়িত্ব পালন করতে। জুন মাসেই রয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। তারপর রয়েছে সাফ কাপ। সেই সব অঙ্ক মাথায় রেখেই পরের মরশুমের জন্য দলকে প্রস্তুত করছেন মোহন কোচ। সব কিছু ঠিকঠাক থাকলে পয়লা জুলাই থেকেই মাঠে নেমে পড়বেন ফুটবলাররা।

আর অপরদিকে কর্তারা ব্যস্ত নতুন মরশুমের দল গোছানোর কাজে। গত মরশুমে স্ট্রাইকার সমস্যায় ভুগতে হয়েছে ক্লাবকে। কারণ দলের একমাত্র স্ট্রাইকার পেত্রাতোস গোল পেলেও আপফ্রন্টে তাঁকে সাহায্য করার লোক নেই। মাঝ মাঠে হুগো বুমো গোলের সুযোগ তৈরি করলেও সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি মোহনবাগান। এবার তাই পেত্রাতোসের সহযোগী স্ট্রাইকারের খোঁজ করছেন ক্লাব কর্তারা। সেন্ট্রাল কোর্স মেরিনার্সের তারকা ফরওয়ার্ড জেসন কামিংসের সঙ্গে কথা বার্তা অনেকটা এগিয়েছে ক্লাবের। শোনা যাচ্ছে, ফুটবলারটির এজেন্টের কয়েকদিন আগে শহরে এসে ক্লাব কর্তাদের সঙ্গে কথাও বলেছেন। তবে অস্ট্রেলিয়ার লিগ শেষ হলে, তবেই মোহনবাগানে যোগ দেওয়ার ছাড়পত্র পাবেন কামিংস।

আরও পড়ুন নীতি আয়োগের বৈঠক বয়কট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের
এদিকে জনি কাউকোকে দলে রাখা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারণ গত মরশুমে দুরন্ত ফর্মে ছিলেন জনি। তবে চোটের কারণে শেষের দিকে তাঁর পরিষেবা পায়নি ক্লাব। এখন নতুন মরশুমে তিনি কতটা ফিট থাকবেন তার উপর নির্ভর করছে কাউকোর মোহনবাগান ভবিষ্যত। তবে কাউকোর পরিবর্তের ভাবনাও রয়েছে কর্তাদের। তবে কে হবেন সেই ফুটবলার তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। সব মিলিয়ে ইন্ডিয়ান সুপার লিগ খেতাব ধরে রাখার পাশাপাশি আগামী মরশুমেও ভারতীয় ফুটবলে নিজেদের আধিপত্য কায়েম রাখতে বদ্ধপরিকর সবুজ মেরুন ব্রিগেড।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার