সময় কলকাতা ডেস্ক, ২৮ মে: পুজো, সেঙ্গল প্রতিস্থাপন ও প্রার্থনার পর দুপুর ১২টায় নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় এই পর্বের অনুষ্ঠানের। সেই সময় দু’টি তথ্যচিত্র প্রদর্শিত হয়। জানা গিয়েছে, অনুষ্ঠান শেষে ৭৫ টাকার কয়েন ও স্ট্যাম্প প্রকাশ করবেন এবং বক্তব্য রাখবেন মোদি। এরপর দুপুর আড়াইটে নাগাদ সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হবে। পুরনো সংসদ ভবনের পাশেই নতুন ভবন তৈরি করা হয়েছে। ত্রিভুজাকৃতি চারতলা বাড়ি প্রায় সাড়ে ৬৪ হাজার বর্গ মিটার জায়গার ওপর গড়ে উঠেছে। মোট তিনটি দরজা রয়েছে। এগুলি হল জ্ঞানদ্বার, শক্তিদ্বার ও কর্মদ্বার। নতুন ভবনে লোকসভা, রাজ্যসভা, সেন্ট্রাল লাউঞ্জ, সংসদীয় কর্তৃপক্ষের কার্যালয়, কনস্টিটিউশন হল, গ্রন্থাগার, ডাইনিং রুম এবং থাকছে পর্যাপ্ত গাড়ি রাখার ব্যবস্থা।

জাতীয় পাখি ময়ূরের আদলে তৈরি হয়েছে দেশের নতুন লোকসভা। রাজ্যসভা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের আদলে। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে অন্দরসজ্জায় দেশের বিভিন্ন প্রান্তের শিল্পকর্ম ব্যবহার করা হয়েছে। পুরনো সংসদ ভবনটিতে তিনটি কমিটি কক্ষ ছিল। কিন্তু, নতুন ভবনটিতে এই রকম ছয়টি কক্ষ থাকছে। আর মন্ত্রী পরিষদের ব্যবহারের জন্য থাকছে ৯২টি কক্ষ। লোকসভা এবং রাজ্যসভা,দুটি কক্ষেই একটি বেঞ্চে পাশাপাশি দুইজন করে সাংসদ বসতে পারবেন। প্রতিটি আসনে থাকছে ডিজিটাল সিস্টেম এবং টাচ স্ক্রিনের মতো আধুনিক সুবিধা। জানা গিয়েছে,উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থার উপযোগী করেই নয়া ভবনটির নকশা করা হয়েছে।

উল্লেখ্য,বহু বিতর্কের মাঝেই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়। এদিকে অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে বয়কটের ডাক দিয়েছে বিরোধী দলগুলি। তবে তারই মাঝে লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে, ভারতীয় রীতি ও ঐতিহ্য মেনে, নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে বিশাল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদ চত্বরে প্রধানমন্ত্রী পৌছতেই শুরু হয় যজ্ঞ ও পুজো। বিশেষ পুজোয় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। পুজো শেষে ‘সেঙ্গোল’কে প্রণাম করেন নরেন্দ্র মোদি। পরে লোকসভার স্পিকারের আসনের পাশে সেই ‘সেঙ্গোল’ প্রতিষ্ঠিত করেন তিনি। এতদিন প্রয়াগরাজের জাদুঘরে রাখা ছিল একটি সোনার রাজদণ্ড।

এ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও বহু কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া সহ এনডিএ জোট অন্তর্ভুক্ত কমপক্ষে ১৮ জন সদস্য উপস্থিত থাকবেন। এদিন উদ্বোধনী পুজো চলাকালীন নির্মাণকর্মী থেকে সাফাইকর্মী, যারা নতুন সংসদ ভবন তৈরিতে সাহায্য করেছেন, তাদের চাদর পরিয়ে সম্মানিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে যে বিশেষ স্মারক তৈরি করা হয়েছে, তা উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এদিন নতুন সংসদ ভবন উদ্বোদনের আগে সংসদ ভবনে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ জানান প্রধানমন্ত্রী মোদি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?