Home » দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্থাপিত হল ঐতিহাসিক রাজদণ্ড ‘সেঙ্গোল’

দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্থাপিত হল ঐতিহাসিক রাজদণ্ড ‘সেঙ্গোল’

সময় কলকাতা ডেস্ক, ২৮ মে: হাজার বিতর্কের মাঝেই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন হল। এদিকে অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে বয়কটের ডাক দিয়েছে বিরোধী দলগুলি। তবে তারই মাঝে লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে, ভারতীয় রীতি ও ঐতিহ্য মেনে, নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে বিশাল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদ চত্বরে প্রধানমন্ত্রী পৌছতেই শুরু হয় যজ্ঞ ও পুজো। বিশেষ পুজোয় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। পুজো শেষে ‘সেঙ্গোল’কে প্রণাম করেন নরেন্দ্র মোদি। পরে লোকসভার স্পিকারের আসনের পাশে সেই ‘সেঙ্গোল’ প্রতিষ্ঠিত করেন তিনি। এতদিন প্রয়াগরাজের জাদুঘরে রাখা ছিল একটি সোনার রাজদণ্ড।

এ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও বহু কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া সহ এনডিএ জোট অন্তর্ভুক্ত কমপক্ষে ১৮ জন সদস্য উপস্থিত থাকবেন। এদিন উদ্বোধনী পুজো চলাকালীন নির্মাণকর্মী থেকে সাফাইকর্মী, যারা নতুন সংসদ ভবন তৈরিতে সাহায্য করেছেন, তাদের চাদর পরিয়ে সম্মানিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে যে বিশেষ স্মারক তৈরি করা হয়েছে, তা উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এদিন নতুন সংসদ ভবন উদ্বোদনের আগে সংসদ ভবনে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ জানান প্রধানমন্ত্রী মোদি।


প্রসঙ্গত, শুক্রবার নয়া সংসদ ভবনের অন্দরসজ্জার একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করেন প্রধানমন্ত্রী। নয়া এই সংসদ ভবনের লোকসভা তৈরি হয়েছে ময়ূরপঙ্খী থিমে। লোকসভার ছাদের নকশা করা হয়েছে জাতীয় পাখি ময়ূরের আদলে। এদিকে, জাতীয় ফুল পদ্মের আদলে তৈরি হয়েছে রাজ্যসভার ছাদের নকশা। রাজ্যসভার থিম রং লাল রাখা হয়েছে। দুই কক্ষের সাংসদদের জন্য নতুন ভবনে রয়েছে লাউঞ্জ, লাইব্রেরি, একাধিক কমিটি রুম, খাবার ও পার্কিংয়ের জায়গা। নতুন সংসদ ভবনের ফার্স্ট লুক শেয়ারের পাশাপাশি দেশবাসীকে একটি টাস্ক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জনগণকে এই ভিডিয়োটি শেয়ার করতে বলেন তিনি।

আরও পড়ুন  দেশের নতুন সংসদ ভবন উদ্বোধনে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

পাশাপাশি ভিডিয়োর সঙ্গে ভয়েস ওভার যোগ করার পরামর্শ দেন নরেন্দ্র মোদি। যাঁর ভয়েস ওভার সবচেয়ে ভালো হবে, তাঁর কণ্ঠস্বর নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করবেন বলেও উল্লেখ করেন তিনি। এই ইস্যুতেই এদিন দেশবাসীর উৎসাহের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি ছাড়াও সমর্থন রয়েছে ২৫টি রাজনৈতিক দলের। এর মধ্যে ১৮টি দল গেরুয়া শিবিরের নেতৃত্বাধীন এনডিএ জোটে রয়েছে। অন্যদিকে, এই অনুষ্ঠান বয়কট করছে কংগ্রেস-সহ ২০টি দল। বরকট করা দলগুলির তালিকায় রয়েছে তৃণমূল, আপ, এনসিপি, সিপিআই, সিপিএম ও সমাজবাদী পার্টি। নতুন সংসদ ভবনে লোকসভার স্পিকারের আসনের পাশেই রাখা হবে সোনার তৈরি রাজদণ্ড বা ‘সেঙ্গল’। এই রাজদণ্ডকে ক্ষমতা হস্তান্তরের প্রতীক বলে উল্লেখ দাবি করেছে নরেন্দ্র মোদি সরকার। যা নিয়ে বিরোধীরা একাধিক প্রশ্ন তোলায় শুরু হয়েছে বিতর্ক।

About Post Author