সময় কলকাতা ডেস্ক, ৩ জুন : শুক্রবার সন্ধ্যায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সাক্ষী থাকল গোটা দেশ। ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ভয়াবহ এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে, ৯০০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গিয়েছে। চেন্নাই যাবার পথে মাঝপথে ওড়িশার বালেশ্বরে বাহানাগা বাজার স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনাটি। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মর্মান্তিক এই দুর্ঘটনার শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন তারকারাও। বলিউডের বিভিন্ন সুপারস্টার যেমন সলমন খান থেকে শুরু করে জুনিয়র এনটিআর-এর মত জনপ্রিয় ব্যক্তিরা শোক জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন উদ্ধারকাজ খতিয়ে দেখতে বালেশ্বরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সলমন খান তাঁর নিজস্ব টুইটার হ্যান্ডেল লিখেছেন, ‘এরকম দুর্ঘটনার কথা যখন আমি প্রথম শুনি,আমি সত্যিই মর্মাহত হয়ে পড়েছিলাম। ঈশ্বর ঘটনায় নিহত মানুষদের আত্মার শান্তি দিক। সকলের পরিবারকে যেন ঈশ্বর রক্ষা করে, আমার সমবেদনা রইল’। পাশাপাশি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ‘আর আর আর’ খ্যাত অভিনেতা জুনিয়র এনটিআর। তিনি তাঁর টুইটারে লিখেছেন, ‘মর্মান্তিক এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের সকলের পরিবারকে আমার তরফ থেকে সমবেদনা জানাই। এই ভয়ংকর দুর্ঘটনায় মধ্যে দিয়ে যারা যাচ্ছেন আমি তাদের সকলের পাশে থাকতে চাই। এই কঠিন সময়ে সবার ভরসা এবং শক্তি তাদেরকে যেন ঘিরে থাকে’। কাশ্মীর ফাইলস এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর টুইটারে লেখেন, ‘খুবই মর্মান্তিক এবং তারই সাথে খুবই লজ্জার। একসাথে তিন তিনটে ট্রেন কিভাবে জড়িয়ে পড়তে পারে এর উত্তর কে দেবে ? আমি প্রতিটি পরিবারের জন্য প্রার্থনা করব। ওম শান্তি’!
আরও পড়ুন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বালেশ্বরে,লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস, মৃত কমপক্ষে ৭০

প্রসঙ্গত, দুর্ঘটনাস্থলে শনিবার সকালেই পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ভয়ংকর দুর্ঘটনার পিছনে কি কারণ তা খুব তাড়াতাড়ি খুঁজে বের করা হবে বলেই জানান তিনি। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও রেলওয়ে সেফটি কমিশনাররা তদন্ত শুরু করেছেন। অপরদিকে, করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আক্রান্ত এবং মৃতদের পরিবারের প্রতি ক্ষতিপূরণ ও ঘোষণা করা হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ১০ লাখ টাকা। আহতদের জন্য ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও অল্প আঘাত প্রাপ্তদের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা