সময় কলকাতা ডেস্ক,১১ জুনঃ শনিবার পঞ্চায়েত ভোটের মনোনয়নের দ্বিতীয় দিন ছিল। শুক্রবার ও শনিবার গোটা রাজ্যে মনোনয়ন পর্ব চলার পর এপর্যন্ত সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে সিপিএম। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। আর তাৎপর্যপূর্ণ ভাবে সবার থেকে অনেকটাই পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতে মোট আসন রয়েছে প্রায় ৭৪ হাজার। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে আসন রয়েছে ৬৩২২৯ টি। পঞ্চায়েত সমিতিতে ৯৭৩০ টি আসন রয়েছে। আর জেলা পরিষদে রয়েছে ৯২৮ টি আসন।
আরও পড়ুন ‘পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ার ও শিক্ষকরা নয়’, প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের

শনিবার সন্ধেয় নির্বাচন কমিশন সব জেলা থেকে তথ্য নিয়ে তৈরি রিপোর্টে দেখা যাচ্ছে মোট ৪৯০৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থীরা। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে ৪২৩৮ টি। পঞ্চায়েত সমিতিতে ৬২৪ আসনে বিজেপি মনোনয়ন পেশ করেছে। আর জেলা পরিষদের ৪১টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থীরা। এর পরই রয়েছে সিপিএম। তাঁদের মোট ৪২৪৯ জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন জমা দিয়েছেন ৩৬৩৮ জন। আর পঞ্চায়েত সমিতিতে ৫১৭ জন মনোনয়ন পত্র পেশ করেছেন। আর জেলা পরিষদে ৯৪টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিপিএম প্রার্থীরা।

মনোনয়ন পেশের নিরিখে দ্বিতীয় দিনের শেষে তিন নম্বরে রয়েছে কংগ্রেস। তারা মোট ৭১৭ টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। শাসকদল তৃণমূল রয়েছে চার নম্বরে। মাত্র ৬৩৩ জন প্রার্থী এই দু’দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা পরিষদে মনোনয়ন জমা দিয়েছেন মাত্র ১ জন। অর্থাৎ এখনও গ্রাম পঞ্চায়েতের ১ শতাংশ আসনেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল। অনেকের মতে, তৃণমূল জেলাওয়াড়ি প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সময় নিচ্ছে। কারণ, গোষ্ঠী কোন্দলের আশঙ্কা রয়েছে। আবার অনেকে মনে করছেন, এটা কৌশলগত।
আরও পড়ুন পঞ্চায়েত ভোটের প্রাক্কালে জেলায় জেলায় অশান্তি, সর্বদলীয় বৈঠকের ডাক রাজ্য নির্বাচন কমিশনের

প্রসঙ্গত,দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করেন নব নিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তবে পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী? পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা দেবে কে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রাজীব সিনহা রাজ্য পুলিশের ওপর আস্থা রাখার ইঙ্গিতই দিয়েছেন। জানা গিয়েছে ৮ জুলাই, শনিবার রাজ্যে ৬৩ হাজার ২৮৩টি আসনে একদফাতেই ভোট গ্রহণ করা হবে। আগামী ৯ জুন থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়। আর ১৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ১১ জুলাই গণনা ও ফলাফল ঘোষণা। রাজ্যে মোট ২২টি জেলায় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩টি। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪। পঞ্চায়েত ভোটে মোট ভোটার হল ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪। সবচেয়ে বেশি সংখ্যক ভোটার রয়েছে মুর্শিদাবাদে। সবচেয়ে কম ভোটার রয়েছেন কালিম্পংয়ে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলালো ইরান