সময় কলকাতা ডেস্ক,১২ জুনঃ পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে সোমবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা করছে রাজ্য নির্বাচন কমিশন। এদিকে,পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই মনোনয়নের সময়সীমা বৃদ্ধি সহ একাধিক দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তারই পরিপ্রেক্ষিতে এবার পঞ্চায়েত মামলার শুনানিতে মনোনয়ন জমার দিন বাড়ানোর ব্যাপারে মতামত জানাল রাজ্য নির্বাচন কমিশন। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আদালত যদি বলে তাহলে ১৫ জুনের বদলে ১৬ জুন পর্যন্ত মনোনয়নের সময়সীমা বাড়ানো যেতে পারে। এর চেয়ে বেশি বাড়ালে সামগ্রিক নির্বাচন নির্ঘণ্ট ওলটপালট হয়ে যেতে পারে। শুক্রবারের শুনানিতে হাইকোর্ট কমিশনকে বলেছিল, মনোনয়ন পর্বের সময়সীমা বাড়ানো যায় কিনা তা ভেবে দেখা হোক। সোমবারের শুনানিতে কমিশন জানিয়েছে, একদিন তা বাড়ানো যেতে পারে।
আরও পড়ুন মনোনয়ন ঘিরে অশান্তি রুখতে করা পদক্ষেপ নির্বাচন কমিশনের, জারি ১৪৪ ধারা

এদিন পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বৃদ্ধির পক্ষে যুক্তি দিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তাঁর পর্যবেক্ষণ, আগের বারের তুলনায় মনোনয়ন পেশের সময় কম। প্রতিদিন ৪ ঘণ্টা মনোনয়ন পেশের জন্য অপর্যাপ্ত। এ প্রসঙ্গে কমিশন বলেন, মনোনয়নের সময় চাইলে একদিন বাড়ানো যেতে পারে। প্রত্যুত্তরে বিচারপতি বলেন, সে ক্ষেত্রে পঞ্চায়েত ভোট ১৪ জুলাই করাতে হবে। এদিন কমিশনের পক্ষ থেকে বলা হয়, অতীতেও সাত দিনের মনোনয়ন পর্বে নির্বাচন হওয়ার রেকর্ড বাংলায় রয়েছে। এবার যে প্রথম হচ্ছে তা নয়।এদিন আদালতে হাজির রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অন্যতম মামলাকারী। শুভেন্দুর মূল আর্জি মনোনয়নের সময় বাড়ানো এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো হোক। কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে আর্জি জানিয়েছে কংগ্রেসও।
আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনে নজরদারি চালাবে জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি

অন্যদিকে,পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করার পরেই রাজ্যে চিঠি পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। জানা গিয়েছে,ভোটের সময়ে নজরদারি চালাতে রাজ্যে আসবে তারা। রাজ্যজুড়ে মনোনয়ন সংক্রান্ত অশান্তির আবহে ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডেকে নির্দেশ দিয়েছেন, শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত ভোট করতে হবে এবং মনোনয়নকে ঘিরে যাতে রাজ্যে কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করতে হবে। এদিকে রাজীব সিনহাও রাজ্যপালকে জানিয়েছেন, শান্তিপূর্ণ মনোনয়ন ও ভোটের নিরাপত্তা নিয়ে সবরকম পদক্ষেপ করছে কমিশন। পাশাপাশি, জানিয়েছে, ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা, সেই বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার জন্য হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে তারা। এসবের মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে মানবাধিকার জানিয়েছে, তারা নজরদারি চালাবে আসন্ন পঞ্চায়েত ভোটে। অর্থাৎ কোথাও কোনও অশান্তি হলে তারা নিজেদের উদ্যোগে রিপোর্ট তৈরি করবে এবং পরবর্তীকালে তা দেখিয়ে রাজ্যের কাছে জবাবদিহিও চাইতে পারে তারা।


More Stories
কোমরে দড়ি নয়,দোষী প্রমাণিত না হলে অভিযুক্তর সম্মানহানি নয়, বলল আদালত
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর