Home » সপ্তাহের শুরুতেই কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহের শুরুতেই কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক,১২ জুনঃ তীব্র দাবদাহ শেষে অবশেষে স্বস্তির পূর্বাভাস। রবিবার থেকেই কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সোমবারও উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। যার জেরে একধাক্কায় অনেকটাই নামবে তাপমাত্রার পারদ। রবিবার বিকেল না গড়াতেই ঝেঁপে বৃষ্টি হয়েছে। তীব্র দহন জ্বালা থেকে কিছুটা মুক্তি পেয়েছিল শহরবাসী। জানা গিয়েছে,আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।


হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকাল থেকেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। তবে,গুমোট ও অস্বস্তিকর ভাব বজায় রয়েছে। এদিন সকাল থেকেই দু’এক ফোঁটা বৃষ্টিও হয়েছে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭০ থেকে ৮২ শতাংশ।

আরও পড়ুন   গ্রাহকদের জন্য ৫টি রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও, থাকছে দারুণ অফার

পূর্বাভাস বলছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশে প্রবেশ করবে। রবিবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়াতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার,জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙেও। এদিকে,আগামী ১৩ জুন পর্যন্ত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও রবিবার থেকেই ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে।

About Post Author