সময় কলকাতা ডেস্ক, ১২ জুনঃ দীর্ঘ জল্পনার অবসান। বিগত দেড় মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত থাকার পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে অশান্ত মণিপুর। সোমবার এমনটাই জানালেন মণিপুরের তথ্য এবং জন সংযোগ মন্ত্রী সাপাম রঞ্জন। এদিন মণিপুরের মন্ত্রী জানান, ‘গত ৪৮ ঘণ্টায় মণিপুরে কোন হিংসা বা অশান্তির ঘটনা ঘটেনি। এটাই প্রমাণ করে যে এই রাজ্যে আবার শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসছে।’ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ অবস্থা মণিপুরের। গত সপ্তাহেই সেরু এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে মৃত্যু হয় বাংলার বিএসএফ জওয়ান রঞ্জিত যাদবের। এই পরিস্থিতি ইন্টারনেট পরিষেবা বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল।

কুকি-মেতেই সংঘর্ষে অশান্ত মণিপুর। ‘মেতেই’ সংখ্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা-কুকি জাতি গোষ্ঠীর মধ্যে পালটা প্রত্যাঘাতের জন্ম দিয়েছে। এখনও পর্যন্ত সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭৫ জনের। আহতের সংখ্যা হাজারের বেশি। ঘরছাড়া কয়েক হাজার মানুষ। ক’দিন আগেই শান্তি ফেরাতে মণিপুর সফর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলেই জানা গিয়েছিল। গোটা পরিস্থিতির উপর নজর রেখে নতুন করে ১০ জুন পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন মণিপুরের অশান্তিতে মদত দেওয়ার অভিযোগে সরিয়ে দেওয়া হল মণিপুর পুলিশের ডিজিকে
উল্লেখ্য,গত প্রায় একমাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছেন রাজ্যের বহু বাসিন্দা। কার্ফু জারি রয়েছে একাধিক শহরে। এই পরিস্থিতিতে রাজ্যেই শান্তি ফেরাতে জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩ দিনের মণিপুর সফরে সেখানেই গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য সরকারের সঙ্গে। সেখানে অমিত শাহ বলেছেন, এখন সরকারের প্রধান লক্ষ্য যে কোনও মূল্যে মণিপুরে ক্ষোভের আগুন নিভিয়ে শান্তি ফেরানো। প্রশাসন সেটাকেই অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া মণিপুরে শান্তি ও সমৃদ্ধি ফেরাতে এবং রাজ্যে শান্তি বিঘ্নিত করে এমন কোনও কার্যকলাপ কঠোরভাবে মোকাবিলা করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি মণিপুর হিংসায় নিহতদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন অমিত শাহ। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই ক্ষতিপূরণ দেবে।
আরও পড়ুন ‘মণিপুর শান্ত হতে সময় লাগবে’, শাহি সফরের মাঝেই মন্তব্য সেনাধক্ষ্যের

জানা গিয়েছে, নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও, পরিবারের একজনের চাকরির ব্যবস্থাও করা হবে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও অমিত শাহের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অমিত শাহ মণিপুর পুলিশ, সিএপিএফ এবং ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও একটি পর্যালোচনা বৈঠক করেছিলেন। এরপরই ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন তিনি। এছাড়াও সেই বৈঠকে পেট্রোল, এলপিজি গ্যাস, চাল এবং অন্যান্য খাদ্য পণ্যের জোগান যাতে যথেষ্ট পরিমাণে থাকে এবং দাম কমানো হয়, তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে,সেনাধ্যক্ষ অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান জানান, মণিপুরের পরিস্থিতি শান্ত হতে সময় লাগবে। সেনা বাহিনী দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাছে। মণিপুরে বর্তমানে ১৪০ কলম অর্থাৎ ১৪ হাজার সেনা জওয়ান মোতায়েন আছে। এছাড়া অসম রাইফেলসের বেশ কিছু ব্যাটেলিয়ন মোতায়েন আছে রাজ্যে।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা