সময় কলকাতা ডেস্ক,১৮ জুনঃ অবশেষে সপ্তাহের প্রথম দিনই স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। তীব্র দাবদাহের মাঝেই পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছিল ভ্যাপসা গরমও। অস্বস্তিকর গরম থেকে মিলল মুক্তি। সোমবার ভোর না হতেই কলকাতা সহ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর মুষলধারে বৃষ্টি হবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী শুক্রবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা। সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিও হচ্ছে। ধীরে ধীরে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। যার জেরে তাপমাত্রার পারদও নিম্নমুখী। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৭ থেকে ৯৪ শতাংশ।
আরও পড়ুন ফাদার্স ডে উপলক্ষে বাবাকে দিন এইসব গ্যাজেট গুলি

পূর্বাভাস বলছে,উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া, ঝাড়গ্রাম,পুরুলিয়া,পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহ চলবে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!