Home » বঙ্গোপসাগরে নিম্নচাপ! রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে নিম্নচাপ! রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক,২৭ জুনঃ মঙ্গলবারও কলকাতা সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে বৃষ্টি। সেইসঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপ চোখ রাঙাচ্ছে। যার জেরে  সারাদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে। কিন্তু,গুমোট আবহাওয়ার জেরে গত কয়েকদিন ধরেই বেড়েছে ভ্যাপসা গরমও। আবহাওয়া দপ্তর সুত্রে জানা গিয়েছে,কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। এদিকে তাপমাত্রার পারদও নিম্নমুখী। সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৩ থেকে ৯৮ শতাংশ।

আরও পড়ুন   কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেতেই কলকাতা হাইকোর্টে আরও নিরাপত্তা চাইলেন নওশাদ সিদ্দিকী

পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে। মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও গত সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে। যার জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।

About Post Author