Home » পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হতেই অভিযুক্ত বিডিও-র বিরুদ্ধে ফের মামলা হাইকোর্টে

পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হতেই অভিযুক্ত বিডিও-র বিরুদ্ধে ফের মামলা হাইকোর্টে

সময় কলকাতা ডেস্ক,২৭ জুন: পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীনভাবে এক বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। উলুবেড়িয়ার দুই সিপিএম প্রার্থীর মনোনয়নপত্র বিকৃতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয়। মঙ্গলবার ফের ওই অভিযুক্ত বিডিওকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরানোর জন্য মামলা দায়ের হল হাইকোর্টে।মঙ্গলবার ফের বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই এই মামলা উঠে।

উল্লেখ্য,উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থীর আবেদনের ভিত্তিতে বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। জানা গিয়েছে, গত সপ্তাহের বৃহস্পতিবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। ওইদিন মামলা গ্রহণ করেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই মামলার শুনানিতে বুধবার বিচারপতি সিনহা বলেছিলেন, যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই এই তদন্তভার রাজ্যের কোনও সংস্থাকে দেওয়া যাবে না। তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, ৭ জুলাই সিবিআইকে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে। ৮ জুলাই পঞ্চায়েত ভোটের নির্ধারিত দিন। তার আগেরদিন সিবিআইকে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন   পঞ্চায়েতে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কাটল জট, কমিশনের দাবি মানল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত নানান দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশের পর উলুবেড়িয়ার একটি ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। উলুবেড়িয়া-২ ব্লকে কাশ্মীরা বিবি ও ওমজা বিবি নামের দুই সিপিএম প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। অভিযোগ, স্ক্রুটিনিতে তাঁদের ফর্ম বাতিল করে দেওয়া হয়। এই দুই প্রার্থীর অভিযোগ, তাঁরা যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তা বিকৃত করা হয়েছে। একইসঙ্গে তাঁদের বক্তব্য, বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলেও তা নেওয়া হয়নি। এই ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দু’জন। সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ৮ জুলাই পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। ঠিক তার আগের দিন তদন্ত রিপোর্ট চাইল আদালত। যদিও অইদিন বিচারপতি বলেছিলেন, রাজ্য পুলিশকে এই তদন্তভার দেওয়া যাবে না। কারণ যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকেই এই ভার দিয়েছেন বিচারপতি। আদালতের এই রায় বাংলা কেন দেশের নির্বাচনী ইতিহাসেও সম্ভবত নজিরবিহীন।

আরও পড়ুন    পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দিনহাটায় ফের চলল গুলি! খুন তৃণমূল কংগ্রেস কর্মী

About Post Author