Home » পঞ্চায়েতে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কাটল জট, কমিশনের দাবি মানল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

পঞ্চায়েতে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কাটল জট, কমিশনের দাবি মানল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

সময় কলকাতা ডেস্ক,২৭ জুন: দীর্ঘ জল্পনার অবসান! পঞ্চায়েতে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শেষমেশ রাজ্য নির্বাচন কমিশনের দাবি মেনে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত যে ৩১৫ কোম্পানি বাহিনী অনুমোদন করেছিল দিল্লি, তা শিগগির জেলায় জেলায় পাঠানো হবে।এই ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে কোথায় কত মোতায়েন করা হবে তা কমিশন স্থির করে বাহিনীর কর্তাদের জানিয়ে দিয়েছিল। বলা হয়েছিল, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি ২৬ কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে। ২২ টি জেলা ধরে ধরে কত বাহিনী আপাতত মোতায়েন করতে হবে তা জানিয়ে দেয় রাজ্য নির্বাচন কমিশন। কোথায় কোন বাহিনী কত নিয়োগ তা নিয়ে পারস্পরিক এই তরজায় গোটা ব্যাপারটাই থমকে ছিল। অথচ এ ব্যাপারে ২৮ জুন কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করার কথা।

এহেন পরিস্থিতিতে কমিশনের দাবি মেনে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কোথায় কোন বাহিনীর কত ফোর্স পাঠানো হবে তা স্বরাষ্ট্র মন্ত্রকই ঠিক করে দিচ্ছে। সেই বাহিনী দ্রুত মোতায়েন শুরু হয়ে যাবে। তবে হাইকোর্টের নির্দেশমতো আরও ৪৮৫ কোম্পানি বাহিনী দেওয়ার কথা স্বরাষ্ট্র মন্ত্রকের। এ ব্যাপারে দু’দফায় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠিয়ে রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তার জবাব এখনও স্বরাষ্ট্র মন্ত্রক দেয়নি। এর আগে কেন্দ্রের আইনজীবী আদালতে জানিয়েছিলেন যে পঞ্চায়েত ভোট কয়েক দফায় ভেঙে দিলে অতিরিক্ত বাহিনী আর মোতায়েন করতে হবে না। সম্ভবত সেই কথাই ফের আদালতকে জানাতে পারে কেন্দ্র। তবে কমিশন এখনও পর্যন্ত ভোটের দফা ভাঙতে রাজি নয়। ফলে সবটাই এখন আদালতের উপর নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন   পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দিনহাটায় ফের চলল গুলি! খুন তৃণমূল কংগ্রেস কর্মী

গতকালই রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে পালটা চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে জানতে চাওয়া হয়, রাজ্যের তরফে প্রথম দফায় চাওয়া ২২ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। তা মোতায়েনও হয়েছে জেলায় জেলায়। তাহলে আরও ৪৮৫ কোম্পানি বাহিনী কোথায় মোতায়েন হবে? কীভাবে কাজে লাগানো হবে? বলা হয়েছে, এ নিয়ে নোডাল অফিসার অর্থাৎ বিএসএফের আইজি-র সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে।

আরও পড়ুন   পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জট কবে কাটবে?

প্রসঙ্গত, বাহিনী চেয়ে মোট তিনবার স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। প্রথমবার হাই কোর্টের নির্দেশে প্রতি জেলার জন্য এক কোম্পানি করে ২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশমতো আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল। রবিবার বকেয়া বাহিনী পাঠানোর জন্য কমিশনের আরও একটি চিঠি পৌঁছয় দিল্লিতে। সোমবার সকালেই বাহিনী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক পালটা চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশনকে। তাতে জানানো হয়, ২২ কোম্পানির পর আরও ৩১৫ কোম্পানি অর্থাৎ মোট ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে অনুমোদন করা হয়েছে। সেই বাহিনীকে কীভাবে কাজে লাগানো হল? সেই প্রশ্ন তোলা হয় চিঠিতে। এরপর আরও ৪৮৫ কোম্পানি বাহিনী কী প্রয়োজন, তাও জানতে চাওয়া হয়েছিল।

About Post Author