সময় কলকাতা ডেস্ক,২৯ জুনঃ পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্তি নিয়ে কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোস। বারবার সতর্ক করেছেন তিনি। পঞ্চায়েত ভোটে কোনরওরকম সন্ত্রাস বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন রাজ্যপাল। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির সার্কিট হাউসে পাহাড়ের একাধিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাজ্যপাল। এদিন বিজেপি সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে পাহাড়ের ইউনাইটেড ফোরামের সদস্যরা সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। উপস্থিত ছিলেন নীরজ জিম্বা, প্রতাপ খাতিরা। তবে ছিলেন না বিমল গুরুং কিংবা অজয় এডওয়ার্ডরা। তবে তাঁদের দলের প্রতিনিধিরা অবশ্য হাজির ছিলেন। বেশ কিছুক্ষণ তাঁরা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষেই সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দিলেন রাজ্যপাল।
আরও পড়ুন বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের রণক্ষেত্র কোচবিহারের দিনহাটা

এর আগে গত মঙ্গলবারই শিলিগুড়ির স্টেট গেস্টহাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে। তাই আমি গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখতে চাই সন্ত্রাস আর হিংসার ছবিটা কতখানি ভয়ংকর। আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে চাই। ভোটের অশান্তিতে তাঁদের জীবন কতটা প্রভাবিত, জানতে চাই। স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের থেকে সমস্যাগুলো না শুনলে পুরোটা বোঝা যাবে না। কারণ আমার কাছে সন্ত্রাসের যে রিপোর্ট এসে পৌঁছায়, তা ছাড়াই-বাছাই করে পাঠানো হয়।’ তিনি আরও জানান, শুধু দার্জিলিং নয়, যেখানেই ভোট-অশান্তি হয়েছে, সেখানেই তিনি পৌঁছে যেতে চান।

ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক দল নির্বিশেষে পদক্ষেপ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। রবিবার রাজভবনে দেড় ঘণ্টা ধরে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে এমনই পরামর্শ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কমিশন ‘নিরপেক্ষ ভূমিকা পালন করছে না’ বলে সরব হয়েছিল বিরোধীরা। এর মধ্যেই বুধবার রাজীবের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল। এই পরিস্থিতির মধ্যে রবিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার। সেই বৈঠকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে রাজীবকে পরামর্শ দিলেন রাজ্যপাল বোস। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয় রাজ্য নির্বাচন কমিশনারের। এখনও পর্যন্ত ভোটের জন্য কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, রাজ্যপালকে তা জানান রাজীব।

আরও পড়ুন অশান্ত মণিপুরে ‘মহব্বত কি দুকান’ নিয়ে রওনা রাহুল গান্ধির
এদিনের বৈঠকে রাজ্যপাল কমিশনারকে স্বাধীনভাবে কাজ করার কথা জানান। ভোটে অশান্তি কোনও ভাবেই যেন বরদাস্ত না করে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ করার কথা বলেন। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিক ভাবে কাজে লাগানো হয়, সে ব্যাপারেও রাজীবকে বার্তা দিয়েছেন রাজ্যপাল। স্পর্শকাতর বুথে বাড়তি নজর দেওয়ার কথাও বলেছেন রাজ্যপাল বোস। রাজভবন সূত্রে দাবি, রাজ্যপালকে রাজীব সিনহা জানান, এখনও পর্যন্ত সব কেন্দ্রীয় বাহিনী আসেনি। আবেদন মতো কেন্দ্রীয় বাহিনী এলেই এলাকায় মোতায়েন করা হবে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কমিশনের কাছে অভিযোগ জমা পড়লেও খতিয়ে দেখা হচ্ছে। মনোনয়ন-পর্বে অশান্তির আবহে রাজভবনে ‘পিস রুম’ খোলা হয়েছিল। সেখানে যে সব অভিযোগ পেয়েছে রাজভবন, সেই অভিযোগ নিয়ে রাজীবের সঙ্গে কথা হয় রাজ্যপালের। রাজভবন কোনও বিষয়ে রিপোর্ট চাইলে তা দিতেও কমিশনারকে বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ