সময় কলকাতা ডেস্ক,২৯ জুনঃ পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার। অশান্তি যেন কিছুতেই থামছেই না কোচবিহারের দিনহাটায়। মঙ্গল,বুধের পর বৃহস্পতিবারও বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। এবার নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।জানা গিয়েছে, তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানের নেতৃত্বে এলাকার বেশ কয়েকটি জায়গায় বাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকী নির্দল প্রার্থীকে হুমকিও দেওয়া হয় বলেই অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে। নির্দল প্রার্থীর পরিবারের অভিযোগ, তাঁদের পরিবারের সদস্য নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতেই অশান্তি শুরু হয়। মিথ্যা মামলায় ওই নির্দল প্রার্থীকে ফাঁসিয়ে তাঁকে গ্রাম ছাড়া করে শাসকদলের লোকেরা। এরপর বুধবার রাতে এসে তাঁর বাড়িতে হামলা শুরু করে তৃণমূলের অঞ্চল সভাপতির লোকজন। বেশকয়েকটি বাড়ি ভাঙচুর করে।
আরও পড়ুন অশান্ত মণিপুরে ‘মহব্বত কি দুকান’ নিয়ে রওনা রাহুল গান্ধির

এদিকে, দিনহাটার পর এবার বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল শীতলকুচি। বুধবার দু’পক্ষের সংঘর্ষে দু’রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। একটি বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, এদিন শীতলকুচির ডাকঘড়া বাজারে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় উত্তপ্ত হয় এলাকা। পোড়ানো হয় বাইক। এমনকী গুলি চলে বলেও অভিযোগ। ঘটনার জেরে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। দেখা গিয়েছে, এলাকার দোকানপাট বন্ধ। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচবিহার যাওয়ার কথা ছিল। এর আগে হিংসা বিদীর্ণ ভাঙড় ও ক্যানিংয়ে গিয়েছিলেন রাজ্যপাল। তবে এদিন নাগাড়ে বৃষ্টির কারণে শিলিগুড়ি থেকে কোচবিহার পৌঁছতে পারেননি বোস। সম্পূর্ন ঘটনায় তৃণমূল সরাসরি বিজেপিকেই দুষেছে। যদিও পাল্টা তোপ দেগেছে বিজেপিও।
আরও পড়ুন পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর দাবি খারিজ কলকাতা হাইকোর্টে

প্রসঙ্গত, হাতে গোনা মাত্র আর এক সপ্তাহ বাকি। তারপরই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে প্রতি জেলায়। দিনহাটা থেকে মাঝেমধ্যে রাজনৈতিক সংঘর্ষের কথা উঠে আসছে। দিনহাটায় ফের তৃণমূল–বিজেপি সংঘর্ষে গুলি চলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সেই গুলিতে মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি করার অভিযোগ উঠেছে। জখম আরও ৫ জন তৃণমূল কংগ্রেস কর্মী। কোচবিহারের দিনহাটার ১ নম্বর ব্লকের গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামের ঘটনা। জানা গিয়েছে, সোমবার রাতে প্রচার করে ফেরার পর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন করা হয়েছে। মৃত ওই তৃণমূল কর্মীর নাম বাবু হক বলে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ তাদের দলীয় কর্মী বাবু হক প্রচার সেরে যখন বাড়ি আসেন ঠিক সেই সময় দুষ্কৃতীরা তাদের সেই কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কোপ ও গুলি চালায়। পরবর্তীতে সেই কর্মীকে উদ্ধার করতে বাকি তৃণমূল কংগ্রেস সমর্থকরা গেলে তাদের উপরও গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আর সেই গুলিতে আরো গুরুতর যখন পাঁচ তৃণমূল কর্মী।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?