Home » উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি পীরগাছায় আহত নির্দল প্রার্থীর সমর্থক, মৃত্যুর ভুল খবরে বিভ্রান্তি

উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি পীরগাছায় আহত নির্দল প্রার্থীর সমর্থক, মৃত্যুর ভুল খবরে বিভ্রান্তি

সময় কলকাতা ডেস্ক, ৮ জুলাই : পঞ্চায়েত ভোটে হিংসার জেরে গুরুতর জখম হলেন নির্দল কর্মীর সমর্থক। শনিবার বঙ্গে পঞ্চায়েত নির্বাচনে  উত্তর চব্বিশ পরগনা জেলার কদম্বগাছি এলাকায় নির্দল প্রার্থীর কার্যালয়ে চলল আক্রমণ।এলোপাথাড়ি আক্রমণের জেরে জখম হলেন নির্দল প্রার্থীর সমর্থক। বারাসাত ১ নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পীরগাছায় এই ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে।অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে।আহতের নাম আবদুল্লাহ। কদম্বগাছি পীরগাছা এলাকার বাসিন্দা আবদুল্লাহর বয়স ৪১। কেবল লাইনের ব্যবসায়ী আবদুল্লাহের অবস্থা আশঙ্কাজনক।তবে তাঁর জীবিত থাকা নিয়ে এদিন বিভ্রান্তি তৈরি হয়। তাঁর পরিবার প্রাথমিকভাবে এলাকায় ও সংবাদ মাধ্যমে জানায়, মৃত্যু হয়েছে আবদুল্লাহর। পরে আবদুল্লাহ বেঁচে  আছেন।

এবারের নির্বাচনে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে ৪১,৪২ নম্বর বুথে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ও নির্দলের সমর্থনে এলাকায় প্রচার করেছিলেন  আবদুল্লাহ । অভিযোগ, নির্দল প্রার্থীকে নাম প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। শুক্রবার রাতে নির্দল প্রার্থীর কার্যালয় ভাঙচুর করা হয়, ছিঁড়ে দেওয়া হয় ব্যানার ও ফেস্টুন। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয় নির্দল প্রার্থীর সমর্থকেরা। এই সময় বেধড়ক মারধর করা হয় আবদুল্লাহকে, এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি।

শুক্রবার রাতে নির্দল প্রার্থীর কার্যালয়ে তিনি আরও কয়েকজন সমর্থকের সঙ্গে বসেছিলেন।অভিযোগ,এই সময় আক্রমণ চালায় শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা।নির্দলদের ফেস্টুন, ব্যানার ছিড়ছিল শাসকদলের সমর্থকরা। বাধা দিতে গিয়ে নির্দল প্রার্থী সমর্থকরা আক্রান্ত হন। এই সময় আব্দুল্লাহ কে তরোয়াল, কোদালের বাঁট,লাঠি দিয়ে মারধর করা হয়। আক্রমণের প্রাবল্য এতটাই ছিল মুখমণ্ডলে বেশ কিছু ক্ষতচিহ্ন তৈরি হয় আবদুল্লাহের। শরীরেও বেশ কিছু জায়গায় বড় ধরণের চোট ছিল। তাঁকে নিয়ে যাওয়া বারাসাত মেডিকেল কলেজ হসপিটালে। তাঁর চিকিৎসা চললেও তিনি মারা গেছেন রটে যায় এলাকায়।এরপরে উত্তেজনা দেখা দেয় কদম্বগাছি এলাকায়।অভিযোগ রিয়াজুল ওরফে রাজুর মদতেই নির্দল সমর্থকের উপরে হামলা চালানো হয়। শনিবার সকাল থেকে অবরুদ্ধ হয়ে ওঠে কদম্বগাছি লাগোয়া টাকি রোড। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয় স্থানীয় বাসিন্দারা।তাঁকে দেখতে ও পরিবারের লোকেদের সঙ্গে কথা বলতে  হাসপাতালে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে, বারাসাত হাসপাতালে সুপার  সুব্রত মন্ডল জানান আহতের অবস্থা প্রথমে সংকটজনক থাকলেও  চিকিৎসায় সাড়া দিচ্ছেন  আব্দুল্লাহ। মৃত্যুর বিভ্রান্তি কেটে যায় সুব্রত মন্ডলের বক্তব্যে ।

আরও পড়ুন : বনগাঁর এড়োপোতার ভোটের আগে ভোটকর্মীদের ওপরে চড়াও জনতা,জলে ফেলে দেওয়া হল ব্যালট বাক্স

About Post Author