Home » সৌদি লিগ নিয়ে আশার বাণী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, মেসিকেও খোঁচা সিআরসেভেনের

সৌদি লিগ নিয়ে আশার বাণী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, মেসিকেও খোঁচা সিআরসেভেনের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ জুলাই: গত মরশুমের মাঝপথে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ঘটনা ফুটবল মহলে শোরগোল ফেলে দিয়েছিল। ফুটবল মহলের একাংশের ধারণা ছিল, এই লিগে ফুটবলাররা পেশাদার জীবনের শেষ লগ্নে বাড়তি অর্থ উপার্জন করতে আসেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই সৌদি লিগ যোগ দেওয়ায়, সেই বদ্ধমূল ধারণায় কিছু বদল আসে। আগামী মরশুমের জন্য রোনাল্ডোর দেখানো পথেই একে একে সৌদির পথে পা বাড়িয়েছেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা,এনগোলো কান্তে, ব্রাজিলের ফির্মিনহো, সার্বিয়ার মিলিনকোভিচ সাভিচ, ক্রোয়েশিয়ার মার্সেলো ব্রজোভিচের মত দিকপাল ফুটবলাররা।

আরও পড়ুন  সুহেলের হ্যাটট্রিক! কলকাতা লিগে তৃতীয় জয় মোহনবাগানের

তবে সৌদি লিগের আকর্ষণীয় অফার প্রত্যাখ্যান করে মার্কিন লিগে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। মেসির দেখানো পথেই মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন মেসির প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটস। এরপর থেকে মেসি বনাম রোনাল্ডো বিতর্ক আরও বেশি দেখা যায় সমর্থকদের মধ্যে। রোনাল্ডো ভক্তরা বলতে থাকেন সৌদি লিগ এখন বিশ্বের অন্যতম সেরা লিগ, মেসি ভক্তরা যদিও এই দাবি মানতে নারাজ। এবার সৌদি বনাম এমএলএস লড়াইয়ে এবার আসরে নামলেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এদিন রোনাল্ডো বলেন, “মেজর লিগ সকারের থেকে সৌদি লিগ অনেক পরিণত। সৌদি লিগে যোগ দেওয়ায় আমার অনেক সমালোচনা হয়েছে। কিন্তু এখন কী হচ্ছে? আমি সৌদি লিগের পথটা খুলে দিয়েছিলাম। এখন অনেকেই এখানে আসছেন ও যোগ দিতে চাইছেন। সৌদির ক্লাবের সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ ছিল। আর এটাই সত্যি।” শুধুই কি ফুটবল জীবনের শেষ লগ্নে পৌঁছে যাওয়া ফুটবলাররা সৌদি লিগে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে পর্তুগিজ মহাতারকা বলেন,” এখন এমন অনেক ফুটবলার এই লিগে খেলতে আসছেন তাঁদের বয়স অনেক কম।” এক্ষেত্রে, তিনি তাঁর স্বদেশীয় দুই ফুটবলার জোটা ও রুবেন নেভেসের উদাহরণ টানেন।

আরও পড়ুন   মরশুমের প্রথম জয়,পুলিশকে হারিয়ে স্বস্তিতে ইস্টবেঙ্গল

তিনি আরও বলেন,”এখন ইউরোপের লিগগুলির মান ও গুরুত্ব হারিয়েছে। একমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগের মান ভালো রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ বাকি লিগ গুলির তুলনায় মানের দিক থেকে অনেক উন্নত। আমি যখন জুভেন্টাসে যোগ দিলাম, তখন ইতালি লিগ শেষ। আমি যোগ দেওয়ায় সেই লিগের প্রাণ প্রতিষ্ঠা পেল। কারণ রোনাল্ডো যেখানেই যায় সেখানে একটা বাড়তি উৎসাহ তৈরি হয়।” তিনি এও জানান,” আমার ৩৮ বছর বয়স হয়ে গিয়েছে। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে আমি আর ইউরোপীয় ফুটবলে ফিরে যাব না।” এর থেকে আরও একধাপ এগিয়ে রোনাল্ডোর দাবি “সৌদি লিগ ছাপিয়ে গিয়েছে তুরস্ক এবং ডাচ লিগকে।”

About Post Author