Home » মরশুমের প্রথম জয়,পুলিশকে হারিয়ে স্বস্তিতে ইস্টবেঙ্গল

মরশুমের প্রথম জয়,পুলিশকে হারিয়ে স্বস্তিতে ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ জুলাই:  মরশুমের প্রথম জয়,অবশেষে কলকাতা লিগে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। চলতি মরশুমের কলকাতা লিগে প্রথম ম্যাচে আটকে গিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল লাল হলুদ। তবে সোমবার নৈহাটি স্টেডিয়ামে ফের চেনা ছন্দে পাওয়া গেল মশাল ব্রিগেডকে। এদিন খেলার ফল ইস্টবেঙ্গলের পক্ষে ৪-২। ইস্টবেঙ্গলের হয়ে গোলাগুলি করেন সার্থক গোলুই, দীপ সাহা ও অভিষেক কুঞ্জম। আরও একটি আত্মঘাতী গোল পায়।

আরও পড়ুন    উইম্বলডনের নতুন রাজা বছর কুড়ির আলকারেজ

কলকাতা লিগের ইতিহাসে সব থেকে সফল দল ইস্টবেঙ্গল। তবে, এখন সময়টা ভালো যাচ্ছে না তাঁদের। ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেওয়ার পর থেকে ক্লাবের ঝুলিতে শুধু জমেছে ব্যর্থতা। কর্তা, কোচ থেকে সমর্থকরা কেউই দলের পারফরম্যান্স নিয়ে খুশি নন। এরই মধ্যে কলকাতা লিগের প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে যথেষ্ট চাপে ছিল গোটা দল। এদিন প্রথম দলে পাঁচটি পরিবর্তন করেন কোচ বিনো জর্জ। আদিত্য, তুহিন, তন্ময়, অতুল এবং সঞ্জীবের জায়গায় প্রথম একাদশে আসেন নিরঞ্জন, নিশাদ, দীপ, বুনান্দো এবং আমন।

যদিও এই পাঁচ বদলেও দলের খেলায় কোনওরকম পরিবর্তন দেখা যায়নি। ম্যাচের ১৭ মিনিটে কিছুটা ভাগ্যের জোরে ও কিছুটা বিপক্ষের ভুলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পুলিশের এক ফুটবলারের পায়ে বল লেগে জড়িয়ে যায় জালে। এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ২৩ মিনিটে ফের গোলের সুবর্ণ সুযোগ পায় লাল-হলুদ। বক্সের মধ্যে বুনান্দোকে ফাউল করা হলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। যদিও প্রথম সুযোগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় সার্থক। পুলিশের গোলরক্ষক তনবীর পেনাল্টি বাঁচিয়ে দিয়েও শেষরক্ষা হয়নি। ফিরতি শটে বল জালে জড়ান সার্থক। ম্যাচের ৩৩ মিনিটে সুব্রত বিশ্বাসের গোলে ব্যবধান কমায় পুলিশ।

আরও পড়ুন   সুহেলের হ্যাটট্রিক! কলকাতা লিগে তৃতীয় জয় মোহনবাগানের

বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের কাছে কিন্তু পুলিশের তিন কাঠির তলায় দুর্ভেদ্য হয়ে ওঠেন তনবীর। দ্বিতীয়ার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে দুই দল।  দ্বিতীয়ার্ধের শুরুতে ধাক্কা খায় ইস্টবেঙ্গল। রাজীব দত্তের গোলে সমতা ফেরায় পুলিশ। সেই গোলে আষাঢ়ে মেঘ দেখতে শুরু করেন স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা। কারণ গত মরশুমে এরকম বহু ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও গোল হজম করে, জেতা ম্যাচ মাঠে ফেলে আসতে হয় লাল-হলুদকে। তবে এই ঘটনার পুনরাবৃত্তি হয়নি এদিন। ম্যাচের ৬৮ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোল করেন দীপ সাহা। ম্যাচের ৭২ মিনিটে আবার ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। পুলিশের গোলরক্ষক ও ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে গোল করে যান অভিষেক কুঞ্জুম।

About Post Author