Home » ক্যারিবিয়ান সফরে স্বমহিমায় কিং কোহলি, জেনে নিন কোন কোন রেকর্ড ভাঙলেন

ক্যারিবিয়ান সফরে স্বমহিমায় কিং কোহলি, জেনে নিন কোন কোন রেকর্ড ভাঙলেন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জুলাই: রানের খরা কাটিয়ে, ফের স্বমহিমায় ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। ক্যারিবিয়ান সফরে দ্বিতীয় টেস্টে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে কিছুটা ভালো জায়গায় ভারত। সৌজন্যে বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেট জীবনের ৫০০ তম ম্যাচটি খেলছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই ম্যাচে একদিকে যেরকম সেঞ্চুরি করে ভরসা জোগালেন সমর্থকদের। অন্যদিকে একাধিক নয়া রেকর্ড ভাঙলেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক রেকর্ডগুলি-


১. বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে, ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করার নয়া কীর্তি স্থাপন করলেন বিরাট। ভারত ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্টে এই বিরল নজির গড়লেন তিনি।

২. টেস্ট ক্রিকেটে ২৯ তম শতরানের মালিক হলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে তাঁর সেঞ্চুরির সংখ্যা বর্তমানে ৭৬ টি।

৩. আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটে মোট রানের হিসেবে তালিকার পাঁচ নম্বরে উঠে এলেন বিরাট। ৫০০ ম্যাচে বিরাটের মোট রান ২৫,৫৬১।
টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জ্যাক কালিসকে। যাঁর ৫১৯ ম্যাচ খেলে ২৫,৫৩৪ রান করেছিলেন কালিস। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে। তাঁর রান ২৫,৯৫৭। আর ৩৭৫ রান করলেই তালিকার চতুর্থ স্থানে উঠে আসবেন তিনি।

আরও পড়ুন   বিরাট ছুঁয়ে ফেললেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে

৪. কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ১২ তম সেঞ্চুরিটি করলেন বিরাট। এরই সঙ্গে স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে। এই তালিকায় এখনও একনম্বরে রয়েছেন ভারতীয় ক্রিকেটের আর এক কিংবদন্তি সুনীল মনোহর গাভাস্কার। যাঁর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে মোট ১৩ টি শতরান।

৫. ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এই নিয়ে মোট ৬ টি সেঞ্চুরির মালিক হলেন বিরাট। ৭ টি সেঞ্চুরি করে যুগ্মভাবে এই তালিকার শীর্ষে রয়েছেন গাভাস্কার ও ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট। এই সিরিজেই বিরাটের সামনে সুযোগ রয়েছে গাভাস্কার ও রুটের রেকর্ডকে স্পর্শ করার।

About Post Author