সময় কলকাতা ডেস্ক,২৪জুলাই: ২৬ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান। সেখানে আগস্টের প্রথম সপ্তাহের তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। এবার তা নিয়ে আদালতের অনুমতি চেয়ে হলফনামা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সোমবার বিকেল ৪টে ২৫ মিনিটে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শুনানির পরই ঠিক হতে পারে, অভিষেকের বিদেশযাত্রায় আদেও অনুমতি মিলবে কি না। জানা গিয়েছে, আগামী ২৬ জুলাই থেকে ২০ আগস্ট আমেরিকায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ আগস্ট আমেরিকার হাসপাতালে তাঁর অ্যাপয়েনমেন্ট রয়েছে। চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সময় লাগবে। ওই চব্বিশ দিন তিনি যে দেশের বাইরে থাকবেন, তা গত ১৫ জুলাই ইডিকে জানিয়েছিলেন। কিন্তু তাদের তরফে কোনও উত্তর আসেনি। তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

ইডি সূত্রে খবর, হলফনামায় অভিষেক জানিয়েছেন, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাঁ চোখের অস্ত্রোপচারের জন্য আমেরিকায় থাকতে হয়। বাল্টিমোরের মেরিল্যান্ডে দ্য জন হপকিন্স হাসপাতালের চিকিৎসক ডেভিড এল গুইটন তাঁর চোখের অস্ত্রোপচার করেন। এবারও চিকিৎসক ডেভিডকেই দেখানোর কথা তাঁর। এর আগে মার্চ মাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন অভিষেক। কিন্তু কিছু সমস্যার জন্য সেই সময় তিনি বিদেশে যেতে পারেননি। তাই ই-মেলের মাধ্যমে পরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেন। ইতিমধ্যেই প্রমাণ হিসাবে হলফনামার সঙ্গে চিকিৎসকের সঙ্গে ইমেলে কথোপকথনের নথিও জমা দিয়েছেন অভিষেক।
আরও পড়ুন ভোট পরবর্তী হিংসার রুখতে রাজ্যে আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

প্রসঙ্গত,কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে রয়েছেন অভিষেক-রুজিরা বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার তাঁদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলাকালীনও অভিষেক’কে দু’বার তলব করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে শেষবার বাদে প্রায় প্রতিবারই ইডির তলবে সাড়া দিয়েছেন অভিষেক। জিজ্ঞাসাবাদ শেষে প্রতি বারেই তিনি দাবি করেছেন, যা যা অভিযোগ করা হচ্ছে, সবটাই ভিত্তিহীন। এর আগে গত ৮ জুন কয়লা পাচার মামলায় অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। ইডির তলবে সাড়া দিয়ে এদিন নির্দিষ্ট সময়ে সিজিও কমপ্লেক্সে ইডি-র দপ্তরে হাজিরাও দিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, ইডি-র দিল্লি অফিসের পঙ্কজ কুমার এই মামলার তদন্তকারী অফিসার। ওইদিন কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটককে ইডির তলবের কথাও শিরোনামে উঠে এসেছিল। এরপর মলয়ের ঘনিষ্ঠ তথা আসানসোলের ৫৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী শঙ্কর চক্রবর্তীকেও তলব করেছিল ইডি।


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
বিপাকে প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইঞা!
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!