Home » মণিপুরে মহিলাদের নিগ্রহের ঘটনায় কড়া প্রশাসন, গ্রেফতার আরও ১ অভিযুক্ত

মণিপুরে মহিলাদের নিগ্রহের ঘটনায় কড়া প্রশাসন, গ্রেফতার আরও ১ অভিযুক্ত

সময় কলকাতা ডেস্ক,২৫ জুলাই: উত্তপ্ত মণিপুরের ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই  লজ্জাজনক ২৬ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনার পরই ভাইরাল হওয়া অই ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং মূল অভিযুক্ত হুইরেম হেরোদাস মেইতি সহ ছয়জনকে গ্রেফতারও করা হয়েছিল। মঙ্গলবার পুলিশের হাতে গ্রেফতার হল আরও ১ জন। এই ঘটনায় এখনও পর্যন্ত মত সাতজনকে গ্রেফতার করা হল। এদিকে, ন্যাক্কারজনক এই ঘটনার নতুন আরেকটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি দেখে ইতিমধ্যেই ১৪ জন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে।

জানা গিয়েছে, মণিপুরের থৌবল জেলা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার জেরে শুক্রবার ক্ষুব্ধ জনতা মূল অভিযুক্ত হুইরেমের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলেই জানা গিয়েছে। ওই বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে। তাদের ঘিরে ভিড় করে রয়েছে বেশ কিছু পুরুষ। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এমনকী এই ঘটনার পরেই তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

আরও পড়ুন 

গত ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলাতে এই ঘটনাটি ঘটেছে। যদিও এই ঘটনার পরই সংরক্ষণ ইস্যুতে কুকিদের সঙ্গে মেইতেইদের সংঘাত শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ১২টি তদন্তকারী দল গঠন করা হয়েছে। যদিও মণিপুরের একটি আদিবাসী সংগঠনের দাবি, মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় ধরপাকড় শুরু হলেও দু’মাস আগে মূল ঘটনাটি ঘটে। ওই দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর পাশাপাশি তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেও দাবি ওই আদিবাসী সংগঠনের। অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এত দিন পুলিশ নিষ্ক্রিয় ছিল। ২৬ সেকেন্ডের ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই দেশ জুড়ে শুরু হয় তোলপাড়।

About Post Author