সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাইঃ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, যথাযথ তথ্যপ্রমাণ থাকলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা যাবে। সে ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। আদালত সূত্রের খবর, একটি জনস্বার্থ মামলা রুজু হয়েছিল বিরোধী দলনেতার বিরুদ্ধে ওঠা ফৌজদারী অভিযোগ নিয়ে। তার শুনানিতে গত বৃহস্পতিবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখবে পুলিশ। আইন অনুযায়ী পদক্ষেপও করবে। এমনকী অভিযোগ গ্রহণযোগ্য হলে পুলিশ এফআইআর-ও দায়ের করতে পারবে বলে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। তবে গ্রেফতার বা অন্য কোনও কড়া পদক্ষেপ করার আগে আদালতের অনুমতি নিতে হবে।
আরও পড়ুন মণিপুর ইস্যুতে কালো পোশাক পরে প্রতিবাদ ‘ইন্ডিয়া’ জোটের সাংসদদের

এই নির্দেশের পরেই গত ২৫ জুলাই পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফইআর দায়ের হয়েছে। পঞ্চায়েত ভোটের দিন মোহনপুর থানার রামপুরা এলাকায় ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর বিরুদ্ধে। তবে এখন সেই মন্তব্য নিয়ে বিপাকে পড়েছেন শুভেন্দু, হাইকোর্টের নির্দেশে এফআইআর-ও দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। তাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। আগামী ৪ অগস্ট মামলার শুনানি রয়েছে। গত বছর ডিসেম্বরে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআর-এ স্থগিতাদেশ দেয়। শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে বলে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল। তাঁর বিরুদ্ধে হয়ে চলা একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। আদালতের কাছে তাঁর আবেদন ছিল, হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই। সেই মামলার শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত। পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি বিরোধী দলনেতার কর্তব্য স্তব্ধ করার চেষ্টা করছে।
আরও পড়ুন পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপির সংসদীয় টিমের

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৬ মাসে ২৬টি এফআইআর দায়ের করে পুলিশ। এই একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আদালতে তাঁর আবেদন ছিল, হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই। এরপরই হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানিতেই শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দেন বিচারপতি। শুভেন্দু অধিকারীর আইনজীবী এ বিষয়ে জানান, ‘এ নিয়ে তৃতীয়বার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক এফআইআর হচ্ছে। যে কোনও বিষয়ে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হচ্ছে। যদিও আদালতের নির্দেশ ছিল, কোর্টের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না। হাইকোর্টের সেই নির্দেশ সুপ্রিম কোর্টও বহাল রেখেছিল।’


More Stories
গ্রেফতার স্বরূপ বিশ্বাস
দিল্লির রাজস্থান বধ
হাতির হামলায় যুবকের মৃত্যু