সময় কলকাতা ডেস্ক,২৪ জুলাই: উত্তপ্ত মণিপুরের ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই লজ্জাজনক একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এবার ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে আরও ১৪জন অভিযুক্তকে শনাক্ত করল মণিপুরের পুলিশ। ভিডিয়োটি দেখার পরই কেন্দ্রের তরফে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বুধবার এই ঘটনার পরই ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছিল এবং মূল অভিযুক্ত হুইরেম হেরোদাস মেইতি সহ ছয়জনকে গ্রেফতারও করা হয়েছিল।

এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার জেরে গত শুক্রবার ক্ষুব্ধ জনতা মূল অভিযুক্ত হুইরেমের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলেই জানা গিয়েছে। ওই বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে। তাদের ঘিরে ভিড় করে রয়েছে বেশ কিছু পুরুষ। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এমনকী এই ঘটনার পরেই তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
আরও পড়ুন মণিপুরে মহিলাদের নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

জানা গিয়েছে, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলাতে এই ঘটনাটি ঘটেছে। যদিও এই ঘটনার পরই সংরক্ষণ ইস্যুতে কুকিদের সঙ্গে মেইতেইদের সংঘাত শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ১২টি তদন্তকারী দল গঠন করা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিবেশন শুরু হতেই মণিপুরের ঘটনায় তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে। তাদের জন্য গোটা দেশ লজ্জিত হচ্ছে। সকল মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ, রাজ্যের আইন ব্যবস্থা আরও কঠোর করুন। দেশের কোনও প্রান্তেই মহিলাদের অসম্মান করা যাবে না। মা-বোনেদের সম্মান রক্ষার্থে যেন কোনও খামতি না থাকে। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মহিলাদের সুরক্ষা ও সম্মান রক্ষার ব্যবস্থা করতে হবে।’


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?