সময় কলকাতা ডেস্ক,৩০ জুলাইঃ এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য।তবে জ্ঞান ফিরেছে। চোখ খুলে তাকিয়েছেন। চিকিৎসকদের সঙ্গে মাথা নেড়ে সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে, ১০০ শতাংশ ইনভেসিভ ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শ্বাসনালী ও ফুসফুসে তাঁর সংক্রমণ থাকায় দেওয়া হচ্ছে হাইডোজের অ্যান্টিবায়োটিক। এর প্রভাব পড়েছে কিডনিতে। ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি। জানা গিয়েছে,বাইলেটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসনালিতে সংক্রমণের পাশাপাশি, ফুসফুসেও সংক্রমণ রয়েছে বুদ্ধবাবুর। বুদ্ধবাবুর চেস্ট এক্স-রে-র রিপোর্ট সন্তোষজনক নয়। ফুসফুসের সংক্রমণ কমাতে হাই ডোজের একাধিক অ্যান্টিবায়োটিক চলছে। সব মিলিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর, আইসিইউ-তে থাকলেও বুদ্ধবাবুর ঘুমের ওষুধ বন্ধ করা হয়েছে। রাইলস টিউবে দেওয়া হচ্ছে তরল খাবার। কয়েকটি রক্তের পরীক্ষাও পুনরায় করা হতে পারে বলে খবর। রবিবার সকাল ১১টায় চিকিৎসক কৌশিক চক্রবর্তী, সৌতিক পাণ্ডার নেতৃত্বে বসেছে নয় সদস্যের মেডিক্যাল বোর্ড। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর শরীরে ক্লেবশিয়েলা নামের মারণ ব্যাক্টেরিয়ার খোঁজ মিলেছে। যার কারণে ফুসফুসের দু’দিকেই আক্রমণ করেছে নিউমোনিয়া। জানা গিয়েছে, গত ৩ দিন কার্যত অভুক্ত রয়েছেন বুদ্ধবাবু। কার্যত সেকারণেই শরীরে কমেছে জলের পরিমাণ। যদিও স্যালাইন দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যর বাঁদিকের ফুসফুসে সংক্রমণ খুব বেশি। ফুসফুসে জমে থাকা কফ বের করতে শনিবার রাতেই নেবুলাইজেশন করা হয়েছে। কী ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ জানতে ইতিমধ্যেই রক্তপরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন ইনভেসিভ ভেন্টিলেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী, চিকিৎসা নিয়ে আলোচনায় নয় সদস্যের মেডিক্যাল বোর্ড

প্রসঙ্গত,শনিবার বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খবর পেতেই বিকেল ৪টে ২০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম এভিনিউয়ের বাড়িতে। মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা অ্যাম্বুলেন্সে করে পাম এভিনেউয়ের বাড়ি থেকে তাঁকে নিয়ে আসেন ওই বেসরকারি হাসপাতালে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে অক্সিজেন বিপজ্জনক মাত্রায় নেমে গিয়েছিল বলেই সূত্রের খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে,২০১৮ সাল থেকে বাড়িতেই একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে ২৪ ঘণ্টা শ্বাসপ্রশ্বাস নেন তিনি। এই অবস্থায় বুধবার থেকে নিউমোনিয়া সংক্রণে আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডির সমস্যাও রয়েছে বুদ্ধবাবুর। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। শনিবার তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে স্যালাইনের মাধ্যমে দেওয়া হচ্ছিল অ্যান্টিবায়োটিক। এরপর অক্সিজেন মাত্রা ৭০ এ নেমে যাওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন গ্রিন করিডর করে দ্রুত গতিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু রাস্তাতেই তাঁর শারীরিক অবস্থা আরও গুরুতর হয়ে যায়।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের