Home » তরুণ তুর্কিদের হাতেই ভবিষ্যতের মশালের ব্যাটন

তরুণ তুর্কিদের হাতেই ভবিষ্যতের মশালের ব্যাটন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ আগস্ট: কথায় আছে ‘মর্নিং শো’স দা ডে’ অর্থাৎ সারাদিন কিরকম যাবে তাঁর পূর্বাভাস মেলে সকালে। উক্তিটি কি এই মরশুমে ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও বলবৎ হবে। কলকাতা লিগে এখনও পর্যন্ত দুরন্ত ফুটবল খেলছে ক্লাব। রেলকে বেলাইন করার পর, সোমবার ঘরের মাঠে উয়ারিকেও হেলায় হারিয়েছে লাল হলুদ ব্রিগেড। খেলার ফল ৫-১। প্রথম দলের রিজার্ভের কিছু ফুটবলার ও তরুণ তুর্কিদের নিয়েই এবার কলকাতা লিগ খেলছে ইস্টবেঙ্গল। ভবিষ্যতের মশালের ব্যাটন তরুণ তুর্কিদের হাতেই। লের দায়িত্বে অন্যতম সহকারী কোচ বিনো জর্জ। দ্বিতীয় সারির দল নিয়ে ইস্টবেঙ্গলের উজ্জীবিত ফুটবলে ফের নতুন করে আশায় বুক বাঁধছে সমর্থকরা।

বিগত কয়েক মরশুমে ছন্নছাড়া ফুটবল উপহার দিয়েছে ময়দানের অন্যতম প্রধান ক্লাব। বিগত কয়েক বছরে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখা সমর্থকদের জন্য হয়ে উঠেছিল চরম হতাশার। ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেওয়ার পর থেকে শেষ তিনে থাকার লড়াই করে গিয়েছে ভারতীয় ফুটবলের বহু ইতিহাসের সাক্ষী এই ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিপক্ষে শেষ কবে জিতেছে তার ইয়াত্তা নেই। এই পরিস্থিতিতে ক্লাবের পুরনো গৌরব ফিরে পেতে মরিয়া ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেসময় কলকাতা লিগে কিছুটা ফিরে পাওয়া গেল পুরনো ইস্টবেঙ্গলকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দীপ সাহা। এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের আবিষ্কার দীপ। অনবদ্য খেলছেন বারাসাতের এই তরুণ। মাঝমাঠে বলকে নিয়ন্ত্রণ করে পুরো দলকে খেলাচ্ছেন তিনি। এরসঙ্গে উপরি পাওনা তাঁর ফ্রিকিক। প্রতিটি শট তিনি নিচ্ছেন একদম তিনকাঠির মধ্যে। এদিনও সেই দীপের গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথম গোলের ক্ষেত্রে দীপকে বলটি সাজিয়ে দিয়েছিলেন গুরনাজ। ৬২ মিনিটে আমনের ক্রস থেকে দীপের ফ্লাইং হেড পোস্টে না লেগে ফিরলে এদিন জোড়া গোলের মালিক হতেন তিনি। দীপ ছাড়াও ইস্টবেঙ্গলের এই রিজার্ভ দলের হয়ে দুরন্ত ফুটবল খেলছেন গুইতে, গুরনাজ, আমনরা। আগামী দিনে ইস্টবেঙ্গলের প্রথম দলে এই ফুটবলারদের দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল।

দ্বিতীয় গোলটি পেতে লাল হলুদকে অপেক্ষা করতে হয় ৭০ মিনিট। এবার গোল করেন তন্ময়। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে আরও তিনটি গোল করার ইস্টবেঙ্গল। জোড়া গোল করেন অভিষেক কুঞ্জুম। আরও একটি গোল করেন আমন। আর কয়েকদিন পর ডুরান্ড কাপের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গলে নিজের নয়া ইনিংস শুরু করবেন ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে অন্যতম সফল কোচ কার্লেস কুয়াদ্রাত। তার আগে কলকাতা লিগের পারফরম্যান্স দলকে অনুপ্রাণিত করবে বলেই মত ফুটবল মহলের।

About Post Author