Home » ‘চিনা যোগ’ নিয়ে ফের কংগ্রেসকে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর

‘চিনা যোগ’ নিয়ে ফের কংগ্রেসকে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর

সময় কলকাতা ডেস্ক, ৭ আগস্ট: ফের কংগ্রেসের সঙ্গে চিনের থেকে অর্থ গ্রহণের অভিযোগ তুলল বিজেপি। দীর্ঘ চারমাস পর সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধি। এদিনই সাংবাদিক বৈঠক করে নিউজক্লিক ইস্যুতে কংগ্রেসের ‘চিনা যোগ’ নিয়ে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। ফের কংগ্রেসের সঙ্গে চিনের কমিউনিস্ট সরকারের যোগের অভিযোগ তুলল বিজেপি। জানা গিয়েছে, চিনের থেকে অর্থ গ্রহণের কেন্দ্রে রয়েছে ‘নিউজক্লিক’ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল। এর আগেই এই পোর্টাল চিনা কমিউনিস্ট পার্টির ‘বিপজ্জনক হাতিয়ার’ বলে অভিযোগ করেছিল ভারত সরকার। কিছুদিন আগেই মার্কিন সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’এর তদন্তেও নিউজক্লিকের সঙ্গে চিনা কমিউনিস্ট পার্টির যোগসূত্র পাওয়া গিয়েছে।

আরও পড়ুন   সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধি

জানা গিয়েছে,সারা বিশ্বে নিজেদের রাজনৈতিক এজেন্ডা প্রচারের জন্য নেভিল রায় সিংঘম নামে এক ব্যক্তিকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল চিনা কমিউনিস্ট পার্টি। নেভিল রায় সিংঘমই অনলাইন নিউজক্লিক পোর্টালের প্রতিষ্ঠাতা। নিউ ইয়র্ক টাইমসের তরফে এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পরই সোমবার সংসদের অন্দরে ‘নিউজক্লিক’ ইস্যু নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছে শাসক দল। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, নিউজক্লিক অনলাইন নিউজ পোর্টাল চিনা প্রচার ব্যবস্থার এক বিপজ্জনক হাতিয়ার। অনেকদিন ধরেই ভারত-বিরোধী এজেন্ডার প্রচার করছেন নেভিল রায় সিংঘম। সারা বিশ্বে তারা চিনের হয়ে রাজনৈতিক প্রচার চালায়। কংগ্রেস চাইবেই নেভিল এবং নিউজক্লিককে বাঁচানোর চেষ্টা করতে। কংগ্রেস নেতৃত্বের কাছে জাতীয় স্বার্থ কোনদিনই গুরুত্বপূর্ণ ছিল না।’

এদিকে, দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধি। এদিন লোকসভা সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়েনাডের সাংসদ হিসাবে পুনর্বহাল করা হল রাহুল গান্ধিকে। জানা গিয়েছে, সোমবার অর্থাৎ আজ থেকেই সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন রাহুল গান্ধি। আর এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই ইন্ডিয়া জোটে খুশির হাওয়া। এদিন রাহুলের সাংসদ পদ ফিরতেই সংসদীয় দলের দফতরে বিরোধীদের মিষ্টিমুখ করান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সোমবার সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই স্পিকার ওম বিড়লা জানিয়ে দেন যে রাহুলের লোকসভার সদস্য পদ ফেরানো হচ্ছে। মঙ্গলবার থেকে লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। স্পিকারের এই পদক্ষেপের পর রাহুলের অনাস্থা প্রস্তাবে অংশ নেওয়ায় আর কোনও বাধা রইল না।

About Post Author