Home » সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধি

সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধি

সময় কলকাতা ডেস্ক, ৭ আগস্ট: বড় স্বস্তি! অবশেষে সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধি। সোমবারই লোকসভা সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়েনাডের সাংসদ হিসাবে পুনর্বহাল করা হল রাহুল গান্ধিকে। জানা গিয়েছে, সোমবার অর্থাৎ আজ থেকেই সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন রাহুল গান্ধি। আর এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই ইন্ডিয়া জোটে খুশির হাওয়া। এদিন রাহুলের সাংসদ পদ ফিরতেই সংসদীয় দলের দফতরে বিরোধীদের মিষ্টিমুখ করান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সোমবার সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই স্পিকার ওম বিড়লা জানিয়ে দেন যে রাহুলের লোকসভার সদস্য পদ ফেরানো হচ্ছে। মঙ্গলবার থেকে লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। স্পিকারের এই পদক্ষেপের পর রাহুলের অনাস্থা প্রস্তাবে অংশ নেওয়ায় আর কোনও বাধা রইল না।

উল্লেখ্য,মোদি পদবী মামলায় শুক্রবারই সুপ্রিম কোর্টে স্বস্তি মিলেছে রাহুল গান্ধির। চলতি বছরের ২৩ মার্চ মোদি পদবী নিয়ে মানহানি মামলায় সুরাট আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে। সেসময় দুই বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে রাহুল গান্ধির মামলার শুনানি হয়। শুনানির পর সুপ্রিম কোর্টের তরফে সেই রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়। এরপরই সাংসদ পদ ফেরাতে তৎপর হয়ে ওঠে রাহুল গান্ধি। সুপ্রিম কোর্টের রায়ের কপি নিয়ে সংসদে যান রাহুল গান্ধী। এমনকী লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে যান অধীর চৌধুরী। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রায়দানের পরই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ফোন করেন অধীর চৌধুরীকে। এরপরই তিনি স্পিকারের কাছে যান। কংগ্রেসের বাকি সদস্যরাও সংসদের গেটে ‘ভি ফর ভিকট্রি’ স্লোগান দেন। এ প্রসঙ্গে কংগ্রেসে নেতা কে সি বেণুগোপাল বলেন, ‘গোটা দেশ লোকসভার স্পিকারের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে। এবার স্পিকারকেই যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। যত শীঘ্র সম্ভব, রাহুল গান্ধীর সাংসদ পদের তকমা ফিরিয়ে আনা উচিত।’

আরও পড়ুন       রাহুলের সুপ্রিম স্বস্তি বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে কতটা অক্সিজেন দিল?

উল্লেখ্য,২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের কোলারে নির্বাচনী প্রচারে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেছিলেন, “সমস্ত চোরদের পদবিই মোদী হয় কেন? তা সে নীরব মোদীই হোক বা ললিত মোদী কিংবা নরেন্দ্র মোদী”। রাহুল গান্ধির এই মন্তব্যের প্রেক্ষিতেই সুরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী মানহানির মামলা দায়ের করেন। গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত ওই মানহানি মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেন এবং ২ বছর কারাদণ্ডের সাজা দেন। সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে গত ৩ এপ্রিল সুরাতেরই দায়রা আদালতে আবেদন করেছিলেন রাহুল। রাহুল বলেছিলেন, তিনি এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাবেন। যেহেতু তিন বছরের কম কারাদণ্ডের সাজা তাই সুরাতের ওই আদালতই রাহুলের জামিন মঞ্জুর করে।

About Post Author