Home » উত্তপ্ত মণিপুরে শান্তি ফেরাতে তিন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতির কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

উত্তপ্ত মণিপুরে শান্তি ফেরাতে তিন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতির কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

সময় কলকাতা ডেস্ক, ৮ আগস্ট: প্রায় চার মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। মণিপুরে লাগাতার অশান্তির ঘটনায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় সরকার। মণিপুর প্রশাসনের প্রতি ইতিমধ্যেই তীব্র অনাস্থা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এবার উত্তপ্ত  মণিপুরে শান্তি ফেরাতে নতুন কমিটি গড়ল দেশের শীর্ষ আদালত। সোমবার হাই কোর্টের তিন প্রাক্তন মহিলা বিচারপতিদের নিয়ে কমিটি গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। নতুন কমিটির সদস্যরা মণিপুরের ত্রাণ, পুনর্বাসন ও ক্ষতিপূরণের মতো বিষয়গুলি খতিয়ে দেখবে বলেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এছাড়াও মণিপুরে যৌন হিংসা সংক্রান্ত যে ১১টি ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে, সেগুলির তদন্তের ভার সিবিআইকে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই কমিটিতে থাকছেন জম্মু ও কাশ্মীর হাই কোর্টের প্রাক্তন বিচারপতি গিতা মিত্তাল, দিল্লি হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আশা মেনন, বম্বে হাই কোর্টের প্রাক্তন বিচারপতি শালিনী ফানসালকর জোশী। আর এই গোটা কমিটির নেতৃত্ব প্রাক্তন বিচারপতি গিতা মিত্তাল দেবেন বলেই জানা গিয়েছে। আদালতের নির্দেশ, এই কমিটি মণিপুরের নির্যাতিতাদের হয়ে কাজ করবে। এদিকে, মণিপুর কাণ্ড নিয়ে সিবিআই যে তদন্ত করছে ও অন্যান্য যে মামলাগুলি চলছে সেগুলির পর্যবেক্ষণ করার জন্য একজন পর্যবেক্ষকও নিয়োগ করেছে শীর্ষ আদালত। জানা গিয়েছে, এই পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন ডিজিপি দত্তাত্রেয় পদসালগায়কর।

আরও পড়ুন   ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, গোষ্ঠী সংঘর্ষের জেরে মৃতের সংখ্যা বেড়ে ৬

ইতিমধ্যেই মণিপুর ইস্যুতে রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। মণিপুর সরকারের হয়ে আদালতে হাজির ছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। এদিন বিচারপতি ক্ষোভ প্রকাশ করে সলিসিটর জেনারেলকে বলেন,‘মণিপুরের ঘটনায় এখনও পর্যন্ত ৬৫২৩টি এফআইআর দায়ের হয়েছে। কিন্তু গ্রেফতার হয়েছে ২৫২ জন? ওই রাজ্যে পুলিশ কী করছে? পুলিশ কি আদৌ তদন্ত করছে? যদিও এদিন কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রমানি আদালতকে জানান, ‘মণিপুরের হিংসায় ১১টি ক্ষেত্রে নারী ও শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ রয়েছে। তাঁর মধ্যে সম্প্রতি মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সিবিআই। কিন্তু বাকি ১১টি ঘটনার সিবিআই তদন্তের প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সুপ্রিম কোর্ট। ওই ১১টি ঘটনাকেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক।’

আরও পড়ুন   ডার্বির আগে স্বস্তির মোহনবাগান শিবিরে, পঞ্জাবকে ২-০ গোলে হারাল সবুজমেরুন

প্রসঙ্গত,গত সপ্তাহেই অশান্ত মণিপুরে যান ‘ইন্ডিয়া’ জোটের ১৬টি দলের মোট ২০ জন প্রতিনিধি। মণিপুর পৌঁছেই তাঁরা দুই দলে ভাগ হয়ে যায়। একদল পাহাড়ি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ কুকিদের সঙ্গে দেখা করে। অন্যদলটি উপত্যকায় মেইতেই সম্প্রদায়ের সঙ্গে দেখা করে। উপত্যকার ইম্ফল থেকে পাহাড়ের চূড়াচাঁদপুর– দুই প্রতিনিধিদল সর্বত্র গিয়েছে। ত্রাণ শিবিরগুলিতে মহিলা ও শিশুদের করুণ পরিস্থিতি দেখে স্তম্ভিত তাঁরা। গত রবিবার সকালে মণিপুরের রাজ্যপালের সঙ্গে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদল দেখা করেছে। বিরোধীদের দাবি, গত ৮৯ দিন ধরে প্রধানমন্ত্রী যেভাবে মণিপুর নিয়ে মৌনব্রত নিয়েছেন, তাতেই বোঝা যায়, মণিপুর নিয়ে তাঁর মানসিকতা কী। এদিন রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে মণিপুর ইস্যুতে স্মারকলিপি তুলে দেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। মণিপুরের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ‘ইন্ডিয়া’ জোটের ২১ জন সাংসদ। তাঁদের জমা দেওয়া স্মারকলিপিতে রীতিমতো তীব্র ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ শানানো হয় বলেই সূত্রের খবর।

About Post Author