Home » পাকিস্তানকে চুরমার করে, শেষ চারে ভারত

পাকিস্তানকে চুরমার করে, শেষ চারে ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ আগস্ট: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। অনেক টালবাহানার পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতে খেলতে আসে পাকিস্তান। শুধু তাই নয়, ভারতীয় হকি দলকে সমীহ করে, হুঙ্কার ছেড়েছিলেন পাক কোচ মহম্মদ সাকলিন। সাকলিন দাবি করেছিলেন, ভারতীয় ফরওয়ার্ড লাইনআপ বিশ্বমানের হলেও, এই দলে অনেক দুর্বলতা রয়েছে। একধাপ এগিয়ে তিনি জানান, সেই দুর্বলতা সম্পর্কে পাকিস্তান অবগত। এরসঙ্গে তিনি হকির বড় মঞ্চে পাকিস্তানের অতীত রেকর্ড ভারতকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। সাকলিনের এই সব মন্তব্যের যদিও কোনও মৌখিক প্রতিক্রিয়া মেলেনি ভারতীয় শিবিরের পক্ষ থেকে। তবে সেই প্রতিক্রিয়া মিলল বুধবার। চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানকে চুরমার করে দিল ভারত।

আরও পড়ুন        টেস্ট ইনিংসে প্রথম বলে সবচেয়ে বেশিবার কে আউট হয়েছেন?

ম্যাচের প্রথম মিনিট থেকে ঘরের মাঠে দাপট দেখাতে থাকেন হরমনপ্রীতরা। মাত্র তিন মিনিটের মাথায় হার্দিক সিংয়ের পাস থেকে গোল করার জায়গায় পৌঁছে যান শামসের সিংহ। যদিও কোনওরকমে রক্ষা পায় পাকিস্তান। এরপরেই ম্যাচের গতির বিপরীতে গিয়ে একটি গোল পেয়ে যায় পাক দল। কিন্তু ভারতের রিভিউয়ের পর সেই গোল বাতিল করার সিদ্ধান্ত নেন রেফারি। প্রথম কোয়ার্টারে কয়েকটি ভালো সেভ করেন ভারতের গোলরক্ষক কৃষ্ণণ বাহাদুর পাঠক।

গোলের খাতা খোলার জন্য ভারতকে অপেক্ষা করতে হয় প্রথম কোয়ার্টারের শেষ পর্যন্ত। পেনাল্টি কর্নার থেকে দুরন্ত গোল করেন গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। দ্বিতীয় কোয়ার্টারে পাকিস্তান গোলশোধের মরিয়া প্রচেষ্টা করে। যদিও ভারতীয় রক্ষণ ব্যবধান ধরে রাখতে সক্ষম হয়। ২৩ মিনিটে ব্যবধান বাড়ায় মেন ইন ব্লু। ফের গোলদাতা অধিনায়ক হরমনপ্রীত। ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৩-০ করেন যুগরাজ সিং। ৩৯ মিনিটে ভারতের একটি গোল বাতিল হয়।

আরও পড়ুন   টেস্ট ক্রিকেটে অ্যালুমিনিয়াম ব্যাট ব্যবহার করার আশ্চর্য ঘটনা

ম্যাচের ৫৫ মিনিটের মাথায় পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় ভারত। গোলটি করেন আকাশদীপ সিং। এই ম্যাচে জয়ের ফলে শেষ চারে পৌঁছে গেল ভারত। এই ম্যাচে জোড়া গোল করে নায়ক হরমনপ্রীত সিং। যদিও ম্যাচ জয়ের কৃতিত্ব গোটা দলকেই দিলেন ভারত অধিনায়ক।অধিনায়কের মতই জয়ের জন্য গোটা দলের প্রশংসা শোনা গেল ভারতীয় কোচ ক্রেগ ফুলটনের গলায়। গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে এই জয় বাকি টুর্নামেন্টে গোটা দলকে আরও আত্মবিশ্বাস জোগাবে বলে মত হকি মহলের।

About Post Author