Home » যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর তদন্তের মাঝেই পদত্যাগ ডিন অফ সায়েন্সের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর তদন্তের মাঝেই পদত্যাগ ডিন অফ সায়েন্সের

সময় কলকাতা ডেস্ক, ২১ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। তদন্তে নেমে একের পর এক তথ্য উঠে আসছে পুলিশের হাতে। যাদবপুর পড়ুয়ার মৃত্যুকাণ্ডে এই নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এহেন পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগের পরই এবার পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী তদন্ত কমিটির প্রধান তথা ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী। ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক সুবিনয় চক্রবর্তী। তাঁর নেতৃত্বেই চলছিল ছাত্রমৃত্যুর তদন্ত। তার এই পদত্যাগের বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্র মৃত্যুর তদন্ত কিছুটা ধাক্কা খেল। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা।

এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার জেরে উত্তাল রাজ্য। এই অশান্তির আবহের মাঝেই শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঠিক করেন যাদবপুরের আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে,গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল। এখন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য পদের দায়িত্ব সামলাবেন বুদ্ধদেব সাউ। গণিত বিভাগের অধ্যাপকের পাশাপাশি তিনি জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সঙ্ঘের পশ্চিমবঙ্গ ইউনিটের রাজ্য সভাপতিও। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার পরই হস্টেলে র্যা গিংয়ের ঘটনা প্রকাশ্যে আসে। তারপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এই প্রেক্ষিতে যাদবপুরে দীর্ঘদিন ধরে স্থায়ী উপাচার্য না থাকার বিষয়টিও সামনে আসে। এহেন পরিস্থিতিতে বুধবারই বিশ্ববিদ্যালয়ের শীর্ষপদস্থ আধিকারিকদের ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই এ বিষয়ে পদক্ষেপ করলেন রাজ্যপাল।

আরও পড়ুন   যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দারস্থ রাজ্য

যদিও, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে বেনজির সংঘাতের সাক্ষী থেকেছে গোটা বাংলা। সেই আবহেই যাদবপুরে উপাচার্যের দায়িত্ব সেই বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপকের হাতে দিলেন রাজ্যপাল। এর আগে গত ৩১ মে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ইস্তফা দিয়েছিলেন সুরঞ্জন দাস। তারপর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তর হাতে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এসবের মাঝেই গত ৪ আগস্ট রাজ্যপাল অমিতাভ দত্তকে ইস্তফা দিতে বলেন। তারপর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ীভাবে কাউকে নিয়োগ করা হয়নি।

About Post Author