Home » তোমার কথা হেথা কেহ তো বলে না : দেবব্রত বিশ্বাস ও রুদ্ধসংগীত

তোমার কথা হেথা কেহ তো বলে না : দেবব্রত বিশ্বাস ও রুদ্ধসংগীত

সময় কলকাতা ডেস্ক,২২ আগস্ট : “ক্লান্তিকর নিছকই সুরেলা জাবরকাটা ও আড়স্ট রক্তহীনতার বিরক্তিকর রিচুয়ালের বাইরে এবং অন্য স্বর, অন্য গায়কী,অন্য ঘরানার একটা বোধ জাগিয়ে তোলা ওই মানুষটার গান প্রকৃত অর্থে আমার মত অনেকের কাছে ছিল রবীন্দ্রনাথের সঙ্গে ছিল একমাত্র যোগসূত্র…বুলেট, রক্ত, বোমা – বিস্ফোরক একটা কালপর্বে অসংখ্য অজস্র রোবট কণ্ঠের মধ্যে মানুষটার গান শোনা ছিল এক বিরল আনন্দ…” বলেছেন নবারুণ ভট্টাচার্য। মানুষটার নাম দেবব্রত বিশ্বাস। জর্জ বিশ্বাস নামে বিশেষভাবে পরিচিত দেবব্রত বিশ্বাস, “আমার কথায় ” নিজেকে রবীন্দ্রসংগীতের জগতে নিজেকে “ব্রাত্য “বলেছেন । নিজের গানকে তিনি ” ব্রাত্যজনের রুদ্ধসংগীত ”  দুঃখের সঙ্গে উচ্চারণ করেছেন কিন্তু দীর্ঘ সময়কাল ধরে তাঁকে রবীন্দ্র সংগীতের জগতে মুকুটহীন সম্রাট মেনেছেন অনেকেই।তাঁর গান অনেকের কাছে ছিল “মরণ হতে যেন জাগি ” র জিওনকাঠি। ২২ আগস্ট ছিল দেবব্রত বিশ্বাসের জন্মদিন। ১৯১১ সালের এই দিনটিতে তাঁর জন্ম। রবীন্দ্রসংগীত ও গণনাট্য আন্দোলনের সঙ্গে জুড়ে থাকা দেবব্রত বিশ্বাসের গান নিয়ে বিশ্বভারতী মিউজিক বোর্ড থেকে প্রশ্ন তোলা হলেও তিনি ছিলেন প্রকৃতঅর্থেই আপামর বাঙালির কাছে রবীন্দ্রসংগীতের ‘যোগসূত্র ‘

আরও পড়ুন :roরবীন্দ্রনাথের ঈশ্বরচেতনা

তুমি রবে নীরবে গানটিতে দেবব্রত বিশ্বাস গীতবিতানের ” সফল স্বপন ” না গেয়ে “সকল স্বপন “গাওয়ায় বিশ্বভারতী মিউজিক বোর্ডের সঙ্গে সংঘাত শুরু হয়। দেবব্রত বিশ্বাসের সমর্থনে যুক্তি ও ঠাকুর বাড়ি ( বলা ভালো, ইন্দিরা দেবী ) থাকায় ঢোক গিলতে হয় বিশ্বভারতী মিউজিক বোর্ডকে। সংঘাত তবুও থেকে যায়। তাঁর গান প্রকাশে বারবার বাধা দেওয়া হয়েছে।”গুরুবন্দনা” নামে একটি অ্যালবাম প্রকাশ করতে উদ্যোগী হন নিজের লেখা ও নিজের সুরে।”তোমার জ্ঞানী যত প্রথার দোহাই দিয়ে/আজ রচিছে বিধান নব নব,/তোমার গানের রসের ধারা/দম্ভভরে তারা করে সারা”- অ্যালবামের দুটি গানে এরকম বিস্ফোরক শব্দ প্রয়োগ করেন জর্জ বিশ্বাস।এই গানের কথা জানতে পেরে বিশ্বভারতী মিউজিক বোর্ড হিন্দুস্থান রেকর্ড কোম্পানির মালিককে ভয় দেখাতেও ছাড়েন নি। তবুও অল্প হলেও প্রকাশ পেয়েছিল গুরুবন্দনা। বিশ্বভারতী মিউজিক বোর্ডের প্রতাপ আজ নেই। দেবব্রত রয়ে গিয়েছেন বাঙালির ঘরে ঘরে, বাঙালির অন্তরে।।

 আরও পড়ুন :রবীন্দ্র শক্তি চট্টোপাধ্যায় : সংসারে সন্ন্যাসী লোকটা

About Post Author