সময় কলকাতা ডেস্ক, ২৮ আগস্ট: গত কয়েকদিন ধরে ডুয়ার্সে লাগাতার ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ির বানারহাট এলাকা। বেশ কেয়কদিন ধরেই পাহাড় ও ডুয়ার্সে একনাগাড়ে চলছে বৃষ্টি। রীতিমতো বন্যা পরিস্থিতি বানারহাটে। বানারহাটের শতাধিক বাড়িতে জল ঢুকে পড়েছে। জল ঢুকে পড়েছে বেশ কিছু দোকানে, মাটি ধসে ক্ষতিগ্ৰস্ত হয়েছে রেললাইন, রাস্তার পিচের চাদর উঠে গিয়েছে, বিদ্যালয়ের দেওয়াল ভেঙ্গে পড়েছে। রাতভর জলমগ্ন হয়ে ছিল বানারহাট হাসপাতাল। ক্ষতি হয়েছে বেশ কয়েকটি চা বাগানের। এমনকী ক্ষতিগ্ৰস্ত হয় রেললাইনপ্রচুর মানুষ বাধ্য হয়ে উঁচু জায়গায় এবং রাস্তায় আশ্রয় নেয়।

সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার রাত ১১ টার পর থেকে জল ঢুকতে শুরু করে বানারহাটে। যার কারণে প্লাবিত বানারহাট, লক্ষ্মীপাড়া, তেলিপাড়া-সহ পাঁচটি চা-বাগান। জলমগ্ন হয়ে পড়ে বিন্নাগুড়ি এস এম কলোনি, নেতাজি পাড়া-সহ বিস্তীর্ণ এলাকা। বন্ধ বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়ায় ছোট শিশুদের নিয়ে অনেকেই রাতভর রাস্তায় ও উঁচু জায়গায় আশ্রয় নেন। বানারহাট রেল স্টেশন সংলগ্ন ৯৩/১ নং পিলারের কাছে রেললাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ার ডুয়ার্স রুটে ট্রেন চলাচল বন্ধ। ইতিমধ্যেই রেললাইন মেরামতের কাজ শুরু করেছে রেলদপ্তর। তবে বানারহাটের এই সমস্যার সমাধান কবে হবে তার উত্তর অধরা।
আরও পড়ুন বারাসাতের নীলগঞ্জে ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এনআইএ

উল্লেখ্য, বর্ষার তাণ্ডবলীলায় প্রায় একমাস ধরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ সহ সমগ্র উত্তর ভারত। একটানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে পথঘাট, ভেসে গিয়েছে ঘরবাড়ি। ভূমিধসে ছিন্নভিন্ন পাহাড়ি এলাকা। রাস্তাঘাট ভেঙে পড়ায় বিচ্ছিন্ন বহু জেলা। নেই বিদ্যুৎ, জল, ইন্টারনেট পরিষেবা। প্রাকৃতিক বিপর্যয়ে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। চলতি সপ্তাহ থেকে হিমাচলের কুলুতে মেঘভাঙা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। প্রকৃতির রোষে অসহায় গোটা রাজ্য। মৌসম ভবনের তরফে ইতিমধ্যেই হিমাচল প্রদেশে লাল সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে বর্তমানে রাজ্যের ৭০৯টি সড়ক ধসের জেরে বন্ধ রয়েছে। কমপক্ষে ২২৪ জনের মৃত্যু হয়েছে। দুই হাজারেরও বেশি বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে নয় হাজারের বেশি বাড়ি। এখনও পর্যন্ত প্রায় দশ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান