সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বরঃ মাসের শুরুতেই বড়সড় স্বস্তির বার্তা! গৃহস্থালীতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের পর এবার দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। পাবলিক সেক্টর অয়েল মার্কেটিং কোম্পানিগুলি একধাক্কায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৫৮ টাকা কমিয়েছে। যার কারণে ১ সেপ্টেম্বর থেকে নয়া দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৬৮০ টাকা থেকে কমে হল ১৫২২.৫০ টাকা। এর আগে গত ৪ জুলাই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ১৬৮০ টাকা। এই নতুন দাম শুক্রবার অর্থাৎ আজ থেকেই কার্যকর হবে বলেই জানা গিয়েছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম মে মাসে ১৭২ টাকা এবং জুন মাসে ৮৩ টাকা কমানো হয়েছিল।

কলকাতায় বৃহস্পতিবার পর্যন্ত ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৮০২.৫০ টাকা। এদিন দাম কমার পর নতুন দাম হল ১৬৩৬ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬৪০.৫০ টাকা থেকে কমে হল ১৪৮২ টাকা এবং চেন্নাইয়ে ১৮৫২.৫০ টাকা থেকে কমে হল ১৬৯৫ টাকা। অন্যদিকে, গত মঙ্গলবারই একধাক্কায় অনেকটাই কমেছে গৃহস্থালীর রান্নার গ্যাসের দাম। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এই ভর্তুকির সুবিধা পাবেন। ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল এবং বিপিসিএল-কে ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন মুম্বইয়ে শুরু ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় মেগা বৈঠক, উন্মোচন হতে চলেছে নয়া লোগো
বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১১২৯ টাকা, দিল্লিতে ১১০৩ টাকা, মুম্বইয়ে ১১০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১১১৮.৫০ টাকা। সরকারি ভর্তুকি যুক্ত হওয়ায় প্রতিটি সিলিন্ডারের দাম ১০০০ টাকার নীচে নেমে এল। নতুন দাম কার্যকর হওয়ায় দিল্লিতে গৃহস্থালীর রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে ৯০৩ টাকায়। কলকাতায় ৯২৯ টাকায়, মুম্বইয়ে ৯০২.৫০ টাকায় এবং চেন্নাইয়ে ৯১৮.৫০ টাকায়। সূত্রের খবর, উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা ১০ কোটিরও বেশি মানুষ আগে ২০০ টাকা ভর্তুকি পেতেন বলে তাঁরা আরও কম দামে পাবেন ঘরোয়া গ্যাস সিলিন্ডার। যার কারণে মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তের পকেটে অনেকটাই স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর