সময় কলকাতা ডেস্ক, ৪ সেপ্টেম্বর: সংসদের বিশেষ অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জানা গিয়েছে, ৫ সেপ্টেম্বর কংগ্রেস সভাপতি তাঁর রাজাজি মার্গের বাড়িতে এই বৈঠক ডেকেছেন। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। মূলত সেই অধিবেশনে বিরোধী জোটের মূল এজেন্ডা কী হবে, রণকৌশলই বা কী হবে? তা ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলেই জানা গিয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মত, জোটের চতুর্থ বৈঠকের স্থান হিসেবে রাজধানী দিল্লিকেই বেছে নেওয়া হচ্ছে। এর আগে পাটনা, বেঙ্গালুরু এবং মুম্বইতে ইন্ডিয়া জোটের বৈঠকে হয়েছে। এরপর মধ্যপ্রদেশের ভোপালেও বিরোধী জোটের পরবর্তী বৈঠক হতে পারে বলে জল্পনা উঠেছিল। তবে, ‘ইন্ডিয়া’ জোটের বেশ কয়েকজন নেতা জানিয়েছিলেন, অন্তত একটি বৈঠক কলকাতায় হোক। তারই মধ্যে তড়িঘড়ি মল্লিকার্জুন খাড়গের ডাকে ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে।

মুম্বইয়ে ইন্ডিয়া বৈঠকের রেশ কাটতে না কাটতেই ফের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। চলতি বছরের নভেম্বর মাসেই বিজেপিশাসিত মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোপালে বিরোধী জোটের মেগা বৈঠক হলে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, ৩১আগস্ট ও ১ সেপ্টেম্বর, এই দু’দিন মুম্বইতে বিরোধী জোটের মেগা বৈঠকের ডাক দিয়েছিলেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার। আয়োজকের তালিকায় নাম ছিল কংগ্রেসও। এই বৈঠকের আয়োজন করা হয়েছিল মুম্বইয়ের সান্তাক্রজ এলাকার বান্দ্রা কুর্লা রোডের গ্র্যান্ড হায়াত হোটেলে। জোটের বার্তাবাহী ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’ নামের স্লোগানও চালু করা হয়। শুক্রবারের বৈঠকে আঞ্চলিক স্তরের বোঝাপড়া নিয়েও কথা হয়। মুম্বইতে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে ১৪ সদস্যের কো-অর্ডিনেশন কমিটিও গঠন করে ‘ইন্ডিয়া’।
আরও পড়ুন চন্দ্রযান-৩ উৎক্ষেপনের লাস্ট কাউন্টডাউনের নেপথ্য কণ্ঠস্বর ভালরমাথি প্রয়াত
জানা গিয়েছে, এই কমিটিই আপাতত জোটের সর্বোচ্চ নীতি নির্ধারকের ভূমিকা পালন করবে। তৃণমূলের তরফে এই কমিটিতে রয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই কমিটিতে সিপিআইএম-এর সম্পাদক সীতারাম ইয়েচুরি বা তাঁর দলের কারও নাম নেই। এখনও পর্যন্ত কমিটির চেয়ারম্যান হিসাবে কারও নাম ঘোষণা করা হয়নি। কমিটির বাকি সদস্যরা হলেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, আরজেডির তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, জেডিইউ নেতা লল্লন সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, আপ সাংসদ রাঘব চড্ডা, সমাজবাদী পার্টির নেতা যাদব আলি খান, সিপিআই নেতা ডি রাজা, ডিএমকে নেতা টি আর বালু, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর