Home » দুষ্টের দমন আর শিষ্টের পালনে কৃষ্ণের আবির্ভাব, বললেন শেখ হাসিনা

দুষ্টের দমন আর শিষ্টের পালনে কৃষ্ণের আবির্ভাব, বললেন শেখ হাসিনা

অমিত পাল সময় কলকাতা ,৭ সেপ্টেম্বর :বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল দুষ্টের দমন শিষ্টের লালনের জন্য । ভাষা আলাদা হলেও সব ধর্মের মর্মবাণী এক ও অভিন্ন। সেই শিক্ষা প্রতিটি মানুষের মধ্যে বাস্তবায়নের তাগিদ দেন শেখ হাসিনা ৷ তিনি বলেন, কৃষ্ণের আবির্ভাব তিথিতে আজ আপনারা জন্মাষ্টমী উপলক্ষ্যে আমন্ত্রনে গণভবনে আসায় গণভবনের মাটি ধন্য হয়েছে ৷

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গণভবনে কৃষ্ণের আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা সকল ধর্মের মানুষের উৎসবে সামিল হতে চাই এবং আমরা একসাথে তা পালন করি ৷ আমরা সেই চেতনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই ৷

এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা যে ধর্মেরই হোক, কেউই সংখ্যালঘু নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নিজেদের সংখ্যালঘু না ভাবতে সনাতন ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।শেখ হাসিনা বলেন, এদেশে সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। ধর্ম যার যার উৎসব সবার- এই নীতিতে সরকার বিশ্বাস করে।

এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে অসাম্প্রদায়িক বাংলাদেশের সুনাম নষ্ট করে। বিএনপি ক্ষমতায় থাকাকালে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালায়।

প্রধানমন্ত্রী জানান, সরকার সব ধর্মের উন্নয়নে সমানভাবে কাজ করছে। মসজিদভিত্তিক শিক্ষার যেমন ব্যবস্থা করা হয়েছে তেমনি মন্দিরভিত্তিক শিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। হিন্দুরা মন্দিরে যাবে, মুসলিমরা মসজিদে যাবে। সবাই প্রাথমিক শিক্ষা পাবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের কিছু মানুষ বিদেশে গিয়ে বাংলাদেশের বদনাম করে। এদেশে সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করে। তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সরকারের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : রোগীদের পাশাপাশি নিষ্প্রাণ কাঠের টুকরোকে জীবন্ত করে তোলেন এক শিল্পী- চিকিৎসক

About Post Author