সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বর: রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল হয়েছিল গত মার্চ মাসে। সোমবার ফের মন্ত্রিসভার কয়েকজনের দায়িত্ব বদল করলেন মুখ্যমন্ত্রী।এবারের মন্ত্রিসভার রদবদলে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। পর্যটন দফতর হাতছাড়া হল বাবুল সুপ্রিয়র।

সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনেই প্রকাশ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। সূত্রের খবর, ইন্দ্রনীলের বিরুদ্ধে তাঁর দফতরের কাজ আটকে দেওয়ার অভিযোগও করেছিলেন বাবুল। দিদিকে অভিযোগ করার পাল্টা খোঁচা দিয়েছিলেন ইন্দ্রনীল। দুই গায়ক-মন্ত্রীর ঝামেলার খবর প্রকাশ্যে আসতে বিড়ম্বনায় পড়তে হয় রাজ্যের শাসক দলকে। এদিন বাবুলের পর্যটনের দফতর বদল হল। সেই জায়গায় পর্যটনের দায়িত্ব দেওয়া হল ইন্দ্রনীল সেনকে।

কয়েক মাস আগে ইন্দ্রনীলকে পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান নিযুক্ত করেন মুখ্যমন্ত্রী। ফের তাঁকে পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হল। পর্যটক মন্ত্রীর সঙ্গে সঙ্গে বাবুলের কাছে ছিল তথ্য প্রযুক্তি দফতর। জানা গিয়েছে এই দফতরটির দায়িত্বে থাকবেন বাবুল। এরসঙ্গে অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুলকে। পঞ্চায়েতের সঙ্গে সমবায়ের দায়িত্ব দেওয়া হল প্রদীপ মজুমদারকে।
আরও পড়ুন রানিনগর পঞ্চায়েতে স্থায়ী সমিতির বোর্ড গঠন নিয়ে স্থগিতাদেশ হাইকোর্টের

বাবুলের মত রাজ্য মন্ত্রিসভার উল্লেখযোগ্য পরিবর্তন হল সমবায়, খাদ্য প্রক্রিয়াকরণ দফতর হাতছাড়া হল অরূপ রায়ের। দায়িত্ব বেড়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বন দফতরের সঙ্গে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক। সংখ্যালঘু উন্নয়ন দফতরেও বদল করেছেন মুখ্যমন্ত্রী। পদ থেকে সরানো হয়েছে গোলাম রব্বানিকে। তাঁকে পাঠানো হয়েছে উদ্যান পালন দফতরে। সংখ্যালঘু উন্নয়ন দফতর এবার থেকে দেখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি