সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বর: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হওয়া নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। কার্যত সেকারণেই আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় আরও দু থেকে তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। আপেক্ষিক আর্দ্রতার জেরে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। তবে মঙ্গলবার বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও গত সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গ, ওডিশা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছিল ভারী বৃষ্টি। একধাক্কায় অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেই জানা গিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গুমোট আবহাওয়া জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৮৮ শতাংশ।
আরও পড়ুন মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল
পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,মালদহ, দুই দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজ থেকেই বাড়বে তাপমাত্রা। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?