সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বরঃ মরক্কোয় ভয়ঙ্কর ভূমিকম্পের ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত প্রায় ২৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মরক্কোর টিনমেল গ্রাম। তারই মধ্যে এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ আন্দামান সাগরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান সাগরের ৭০ কিলোমিটার গভীরে।এই ভূমিকম্পের ঘটনায় ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও ভূমিকম্পের জেরে হতাহত বা ক্ষয়ক্ষতিরও কোনও এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এমনকী সুনামি সতর্কতাও জারি হয়নি।
আরও পড়ুন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো, মৃতের সংখ্যা বেড়ে ২৯৬
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১১ টা নাগাদ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো। এখন পর্যন্ত প্রায় ৩০০০ মানুষ মারা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গুরুতর আহত আড়াই হাজারেরও বেশি মানুষ। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে থাকা ব্যক্তিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি শতাধিক মানুষ। শুক্রবার রাতে কেঁপে ওঠে মধ্য মরক্কোর বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে শহরের বাড়িঘর তাসের ঘরের মতো কাঁপতে কাঁপতে ধসে পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে ধ্বংসাবশেষে পরিণত হয় গোটা এলাকা। ভূমিকম্পে নিশ্চিহ্ন গ্রামের পর গ্রাম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮।

এই ঘটনার ১৮-১৯ মিনিট পর আফটার শক অনুভূত হয়। সেসময় কম্পনের তীব্রতা ছিল ৪.৯। ভয়াবহ ভূমিকম্পে একটি মসজিদ এবং বেশ কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ অজস্র বাড়িঘর ভেঙে পড়ে। ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মরোক্কোর মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। উৎসস্থলের গভীরতা ছিল ১৮.৫ কিলোমিটার। ভয়াবহ এই ভূমিকম্পের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি শোক প্রকাশ করে লিখেছেন, ‘এই দুঃসময়ে মরক্কোর মানুষকে সমবেদনা জানাই। ভারত সবরকমের সাহায্যের জন্য প্রস্তুত।’ এর আগে ২০০৪ সালে মরক্কোয় বড়সড় ভূমিকম্প হয়েছিল। সেসময় কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল বন্দর শহর আল হোসেইমা। ভয়াবহ এই ভূমিকম্পের জেরে ৬০০-রও বেশি মানুষ মারা গিয়েছিল।


More Stories
বুমরা-র পাঁচ উইকেট , ৪৬ রানে এগিয়ে গেল ভারত
Lahore: নিজেদের দেশে বৃষ্টি নামাতে চায় পাকিস্তান, কেন?
Earthquake: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পন অনুভূত পাকিস্তানেও